বিএনপির দুর্গে চেয়ারম্যান হলেন জামায়াত নেতা
নাশকতার সৃষ্টির অভিযোগসহ পাঁচ মামলার আসামি বগুড়ার শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। নবনির্বাচিত এই চেয়ারম্যানের নাম আবু নছর মোহামঞ্চদ আলমগীর হুসাইন। তিনি বগুড়া জেলা জামায়াতের আমির। বিএনপির দুর্গ হিসেবে পরিচিত এই উপজেলায় দলের পরাজয়ের কারণ হিসেবে দলীয় কোন্দল ও জামায়াতের অপপ্রচারকে দুষছেন বিএনপি নেতারা।
গত বৃহস্পতিবারের উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপি-সমর্থিত প্রার্থীরা তাঁর কাছে বড় ব্যবধানে হেরে যান। আবু নছর পেয়েছেন ৮৬ হাজার ৫৭৯ ভোট। বিএনপি-সমর্থিত মতিয়ার রহমান ৭৩ হাজার ৩৮৩ এবং আওয়ামী লীগ-সমর্থিত আজিজুল হক পেয়েছেন ২১ হাজার ৮৪০ ভোট। গত নির্বাচনে এখানে চেয়ারম্যান নির্বাচিত হন বিএনপির নেতা মীর শাহে আলম।
স্থানীয় ভোটার ও দলীয় নেতা-কর্মীরা জানান, বিএনপির দুর্গ হিসেবে পরিচিত এই উপজেলায় সব সময়ই নিজেদের আধিপত্য বজায় ছিল। কিন্তু এবারই এর ব্যতিক্রম ঘটল। বিএনপিকে পেছনে ফেলে জামায়াতের উত্থান হয়েছে। বিএনপি প্রার্থীর ভরাডুবির নেপথ্যে দলীয় কোন্দল ও জামায়াতের ধর্মীয় অপপ্রচার ও সাংগঠনিক শক্তির প্রভাব পড়েছে বলে তাঁরা মনে করছেন।
বিএনপির নেতারা জানান, এবার উপজেলা নির্বাচনে জামায়াত জয়লাভ করবে এটা তাঁরা স্বপ্নেও ভাবেননি। এমনকি জামায়াত নির্বাচনে অংশ নেবে সেটাও তাঁদের ধারণার বাইরে ছিল। প্রথম দিকে বিএনপি-সমর্থিত প্রার্থীর পক্ষে সবাই প্রচারে নামে। কিন্তু বগুড়ার শেরপুরে জামায়াত-সমর্থিত প্রার্থীকে ১৯ দলের পক্ষ থেকে সমর্থন দিয়ে পরে তা প্রত্যাহার করা হয়। এতে ক্ষুব্ধ হয়ে জামায়াত শিবগঞ্জসহ বগুড়ার বেশ কয়েকটি উপজেলায় তাদের প্রার্থী দেয়।
প্রথমে চেয়ারম্যান পদে দলীয় সমর্থন পান বিএনপি নেতা মীর শাহে আলম। তখন দলের ‘বিদ্রোহী’ ছিলেন পৌর মেয়র মতিয়ার রহমান। একপর্যায়ে শাহে আলমের দুর্বল অবস্থান আঁচ করতে পেরে জেলা বিএনপি সমর্থন প্রত্যাহার করে মতিয়ার রহমানকে সমর্থন দেয়। পাশাপাশি মীর শাহে আলমকে আহ্বায়ক করে ৩৮ সদস্যবিশিষ্ট উপজেলা বিএনপির নতুন কমিটি গঠন করে। ওই কমিটির কোনো সদস্যই মতিয়ার রহমানের পক্ষে মাঠে নামেননি। তাঁরা জামায়াত-সমর্থিত প্রার্থীর হয়ে প্রচারণা চালান।
ভোটাররা জানান, নির্বাচনের আগ মুহূর্তে জামায়াতকে ঠেকাতে বিএনপি-সমর্থিত প্রার্থীর পক্ষে স্থানীয় জাতীয় পার্টি ও আওয়ামী লীগের একটি অংশ কাজ করেছে। তার পরও জামায়াতের সাংগঠনিক শক্তির সঙ্গে তারা পেরে ওঠেনি।
একই গ্রামের জামায়াত কর্মী গোলাম রব্বানী বলেন, স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপির অভ্যন্তরীণ কোন্দল, সাধারণ মানুষের সরকারবিরোধী অবস্থান, জামায়াত-শিবিরের সাংগঠনিক শক্তি মিলিয়ে উপজেলা পরিষদ নির্বাচনে তাঁরা জয় পেয়েছেন।
উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম বলেন, ‘আমরা যেভাবে কাজ করতে চেয়েছিলাম, সেভাবে কাজ করার পরিবেশ পাইনি। প্রার্থী আমাদের অবহেলা অবজ্ঞা করেছেন। তাই অনেকে প্রার্থীর ওপর ক্ষুব্ধ ছিলেন।’
বিএনপি-সমর্থিত প্রার্থী মতিয়ার রহমান বলেন, ‘দলের প্রতি একটি অংশের বিশ্বাসঘাতকতা ছিল। পাশাপাশি জামায়াত ধর্মীয় অপপ্রচার চালিয়ে ভোটারদের বিভ্রান্ত করতে সফল হয়েছে। এ ছাড়া ভোটার উপস্থিতি কম থাকায় আমরা জয়ী হতে পারিনি।’