বিএনপির দুর্গে হানা দিতে চায় জামায়াত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এত দিন মিলেমিশে সরকারবিরোধী আন্দোলন করেছে বিএনপি ও তাদের ১৯-দলীয় জোটের অন্যতম প্রধান শরিক জামায়াত। বিএনপির কাঁধে ভর করে গত বছরের ফেব্রুয়ারি থেকে বগুড়ায় ব্যাপক তাণ্ডবও চালিয়েছে দলটি। বিএনপির দুর্গ হিসেবে পরিচিত সেই বগুড়ায় হানা দিতে চায় জামায়াত।
আজ বুধবার জেলার ১২টি উপজেলার মধ্যে ছয়টিতে নির্বাচন হচ্ছে। এর মধ্যে শুধু দুপচাঁচিয়া উপজেলা জামায়াতের প্রার্থীর জন্য ছেড়ে দিয়েছে বিএনপি। শেরপুর ও নন্দীগ্রামে পাল্টাপাল্টি প্রার্থী দিয়েছে দুই দল। ধুনট, সোনাতলা ও সারিয়াকান্দিতে বিএনপি প্রার্থী দিলেও জামায়াত কোনো প্রার্থী দেয়নি। তবে বিএনপির প্রার্থীকে সমর্থনও দেয়নি জামায়াত। উল্টো ধুনটে বিএনপির বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করছে দলটি।
বগুড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন প্রথম আলোকে বলেন, ‘দুপচাঁচিয়া, শেরপুর ও নন্দীগ্রামে তাদের (জামায়াতের) প্রার্থী দেওয়ার পরও তারা আরও চায়। বৈঠকে জামায়াতের ভারপ্রাপ্ত আমির আলমগীর সাহেব নিজে সই করে সম্মত হলেন। পরে যেভাবে কথা হয়েছে তারা সে সিদ্ধান্ত মানেনি। বাধ্য হয়ে আমাদের ক্যান্ডিডেটকে আমরা সমর্থন দিই। না হলে তো সবই তাদের দিতে হয়।’
তবে আলমগীর হুসাইন বলেন, ‘তিনটি উপজেলা ছাড়া বাকিগুলোতে আমরা (বিএনপি-জামায়াত) একক সিদ্ধান্তে কাজ করছি, এককভাবে নির্বাচন করছি।’
শেরপুর: চেয়ারম্যান প্রার্থী পাঁচজনের মধ্যে উল্লেখযোগ্য হলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি দবিবুর রহমান, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য খন্দকার মাহবুবার রহমান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বর্তমান চেয়ারম্যান মজিবর রহমান।
১৯-দলীয় জোটের পক্ষে প্রথমে জামায়াতের প্রার্থীকে সমর্থন দেওয়া হলেও পরে বিএনপির প্রার্থীকে সমর্থন দেওয়া হয়। স্থানীয় বিএনপির একাংশ জামায়াতের প্রার্থীর পক্ষে প্রচারণা চালান। এ জন্য ১৪ নেতা-কর্মীকে বহিষ্কার করেছে বিএনপি। বহিষ্কৃত নেতা-কর্মীরা গতকাল মঙ্গলবার মাহবুবারের বাসা ও নির্বাচনী কার্যালয়ের দুটি চেয়ার ভাঙচুর করে।
নন্দীগ্রাম: উপজেলা জামায়াতের আমির নুরুল ইসলাম মণ্ডলকে প্রথমে সমর্থন দেয় ১৯-দলীয় জোট। এক সপ্তাহ পর দলীয় নেতা-কর্মীদের ক্ষোভের মুখে দলের ‘বিদ্রোহী’ প্রার্থী তহিদুর রহমান খান চৌধুরীকে সমর্থন দেয় বিএনপি। দুজনই জোট-সমর্থিত প্রার্থী হিসেবে প্রচারণা চালাচ্ছেন। গত রোববার বিএনপির প্রার্থীর পক্ষে জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম প্রচারণা চালাতে এলে তাঁর ওপর চড়াও হন জামায়াতের নেতা-কর্মীরা। এখানেও জামায়াতের প্রার্থীর পক্ষে বিএনপির একটি অংশ কাজ করছে বলে জানা গেছে। এখানে আওয়ামী লীগের সমর্থিত প্রার্থী আনিসুর রহমান ও ‘বিদ্রোহী’ প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ইউনুস আলী।
ধুনট: সাত চেয়ারম্যান প্রার্থীর মধ্যে আওয়ামী লীগের চারজন আর বিএনপির তিনজন। উপজেলা বিএনপির সভাপতি তৌহিদুল আলমকে ৩ ফেব্রুয়ারি সমর্থন দেয় ১৯-দলীয় জোট। কিন্তু দলের একটি অংশ ‘বিদ্রোহী’ শাহজাহান আলীর পক্ষে নামে। এক সপ্তাহের মাথায় শাহজাহান আলীকে সমর্থন দেয় ১৯ দল। এখন ‘বিদ্রোহী’ হয়ে যাওয়া তৌহিদুলের পক্ষে কাজ করছেন জামায়াতসহ বিএনপির একটি অংশ। আর বিএনপির আরেক প্রার্থী শেষ পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহার না করলেও মাঠে হাত গুটিয়ে নিয়েছেন। বর্তমান চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সভাপতি টি আই এম নুরুন্নবী তারিককে আওয়ামী লীগ আনুষ্ঠানিকভাবে সমর্থন দিলেও বিদ্রোহী তিন প্রার্থী মাঠ ছাড়েননি।
সারিয়াকান্দি: আওয়ামী লীগের সমর্থিত প্রার্থী হচ্ছেন দলটির উপজেলা শাখার সাধারণ সম্পাদক আলমগীর শাহী। তবে বিদ্রোহী প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন বর্তমান উপজেলা চেয়ারম্যান শাহাজাহান আলী ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মুনজিল আলী সরকার। এখানে বিএনপির প্রার্থী মাসুদুর রহমান।