বিএনপির দেড় হাজার নেতা-কর্মীর আ.লীগে যোগদান
জয়পুরহাটের আক্কেলপুরে বিএনপি ও এর অঙ্গসংগঠনের তৃণমূল পর্যায়ের প্রায় দেড় হাজার নেতা-কর্মী ও সমর্থক আওয়ামী লীগে যোগ দিয়েছেন। গত বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও জয়পুরহাট-২ আসনের সাংসদ আবু সাঈদ আল মাহমুদের হাতে ফুলের তোড়া দিয়ে তাঁরা আনুষ্ঠানিকভাবে দলে যোগদান করেন।
হাসপাতাল গেটের সামনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সাদেকুর রহমান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জয়পুরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক এস এম সোলায়মান আলী, যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন, আক্কেলপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মাহফুজ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম ও আতিকুর রহমান।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মাহফুজ চৌধুরী দাবি করেন, উপজেলার পাঁচটি ইউনিয়ন ও একটি পৌরসভার বিএনপি ও এর অঙ্গসংগঠনের প্রায় দেড় হাজার নেতা, কর্মী ও সমর্থক আওয়ামী লীগে যোগদান করেছেন। এর মধ্যে পৌর যুবদলের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমানও রয়েছেন।