বিএনপির নবনির্বাচিত মেয়র মামলার 'ফাঁদে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ফুলপুর পৌরসভার বিএনপির নবনির্বাচিত মেয়র আমিনুল হক মামলার ‘ফাঁদে’ পড়েছেন। বিস্ফোরক দ্রব্য আইনে হওয়া একটি মামলায় মেয়রের নাম না থাকলেও তাঁর অজ্ঞাতনামা ৫০-৬০ জন সমর্থককে আসামি করা হয়েছে।
নাম প্রকাশে অনচ্ছিুক বিএনপির স্থানীয় কয়েক ব্যক্তি জানান, বিএনপির নির্বাচিত মেয়রকে চাপে রাখার জন্য তাঁকে মামলার ফাঁদে ফেলা হয়েছে। এজাহারের অস্পষ্টতা থেকে এটা অনুমান করা যায়, এই মামলায় যে কেউ গ্রেপ্তার হতে পারেন।
বিএনপি ও স্থানীয় সূত্রে জানা যায়, নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী শশধর সেনের প্রতিপক্ষ ছিলেন নিজ দলের ‘বিদ্রোহী’ প্রার্থী মো. শাহাজাহান। নির্বাচনের দিন ফুলপুর মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্র থেকে ব্যালট পেপারের একটি বই ছিনিয়ে নিয়ে যায় দুর্বৃত্তরা।
বিএনপির নেতা-কর্মী ও স্থানীয় লোকজনের অভিযোগ, ব্যালট ছিনিয়ে নেওয়ার ঘটনার সঙ্গে স্থানীয় আওয়ামী লীগের সমর্থকেরা জড়িত ছিলেন। তবে এই অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভোট গণনা শুরু হওয়ার পর নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী শশধর সেনের পরাজয়ের শঙ্কা দেখা দেয়। এরপর ফলাফল ঘোষণার প্রস্তুতি চলাকালে একদল দুর্বৃত্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুব্রত পালের বাসভবন ও ওই বাসভবনের কাছাকাছি এলাকায় অবস্থিত অফিসার্স ক্লাবের সামনে ছয়টি ককটেলের বিস্ফোরণ ঘটায়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, নবনির্বাচিত মেয়র আমিনুল হক ও তাঁর নির্বাচন পরিচালনা কমিটির উপদেষ্টা শাহ শহীদ সরোয়ারের অজ্ঞাতনামা ৫০ থেকে ৬০ জন সমর্থক ককটেল বিস্ফোরণ ঘটিয়েছেন।
মামলা হওয়ার পর আতঙ্কে আছেন নবনির্বাচিত মেয়র আমিনুল হক। আতঙ্কের কারণ জানতে চাইলে তিনি প্রথম আলোকে বলেন, ‘নির্বাচনে আমি বিজয়ী হয়েছি। তাই ফলাফল ঘোষণার ঠিক আগমুহূর্তে আমার সমর্থকেরা ককটেল বিস্ফোরণ ঘটাবেন—এমন অভিযোগ আমার মতো সবার কাছেই অবিশ্বাস্য। মামলায় আমার নাম নেই, অথচ আমাকে আদালতে হাজির হতে বলা হচ্ছে। এটা আমার জন্য অবশ্যই হয়রানি। আমি পৌরসভার উন্নয়নের জন্য কাজ করতে চাই। এ রকম প্রতিবন্ধকতা থাকলে সেটা সম্ভব হবে না।’
নবনির্বাচিত মেয়র আমিনুল হকের নির্বাচন পরিচালনা কমিটির উপদেষ্টা শাহ শহীদ সরোয়ার বলেন, ‘ককটেল বিস্ফোরণের ঘটনায় বিএনপির কেউ জড়িত থাকতেই পারে না। সম্পূর্ণ মিথ্যা একটি মামলায় বিএনপির জয়ের আনন্দকে নষ্ট করে কর্মীদের হয়রানির করা হচ্ছে।’
ফুলপুর থানার উপপরিদর্শক, মামলার বাদী ও তদন্ত কর্মকর্তা তাজুল ইসলাম বলেন, মামলায় কারও নাম উল্লেখ করা হয়নি। আমিনুল হক ও শাহ শহীদ সরোয়ারের অজ্ঞাতনামা সমর্থকদের আসামি করা হয়েছে। তবে মেয়রকে আদালতে হাজির হতে বলে কোনো ধরনের হয়রানি করা হচ্ছে না।