বিএনপির নারীনেত্রীরাও মাঠে নামতে পারছেন না
রাজশাহীতে দুই সপ্তাহ ধরে বিএনপির পুরুষ নেতা-কর্মীরা মাঠে নেই। নারী নেতৃত্বেই চলছিল দলের কর্মসূচি। কিন্তু গত মঙ্গলবার থেকে নারীনেত্রীরাও আর মাঠে নামতে পারছেন না। জলকামান দিয়ে তাঁদের ছত্রভঙ্গ করে দেওয়া হচ্ছে।
গত ২৬ ডিসেম্বর বিএনপির বিক্ষোভ মিছিল শেষে বোমা হামলায় সিদ্ধার্থ চন্দ্র সরকার নামের এক পুলিশ সদস্য নিহত ও আরও আট পুলিশ সদস্য আহত হন। পরে ওই দিন রাতে এ ঘটনায় রাজশাহী জেলা বিএনপির সভাপতি মিজানুর রহমান (মিনু) ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র মোসাদ্দেক হোসেনসহ ৩৫০ জন নেতা-কর্মীর নামে পুলিশ দুটি মামলা করে। পরে নেতা-কর্মীদের গ্রেপ্তারের জন্য বাড়িতে বাড়িতে অভিযান চালায় যৌথ বাহিনী। এর পর থেকে নগরে নেতা-কর্মীদের দেখা যাচ্ছে না।
দলীয় সূত্রে জানা গেছে, নির্ধারিত কর্মসূচিতে মঙ্গলবারের আগ পর্যন্ত শুধু নারীদের দেখা গেছে। ইতিমধ্যে পুলিশ ওই মামলায় রাজশাহী মহানগর বিএনপির সহসভাপতি শাহজাহান আলীকে গ্রেপ্তার করেছে। তবে এর মধ্যে জামায়াত-শিবির ২৯ ডিসেম্বর ঢাকায় তাদের কর্মী খুন হওয়ার প্রতিবাদে নগরের রানীবাজার এলাকায় মিছিল বের করে। এ ছাড়া অবরোধের পক্ষে রাস্তায় আগুন জ্বেলে তাদের বিক্ষোভ করতে দেখা যায়।
বিএনপির পক্ষে নারীদের মধ্যে যাঁরা নেতৃত্বে ছিলেন, তাঁদের বেশির ভাগই নেতাদের স্ত্রী ও স্বজন। তাঁদের মধ্যে মিজানুর রহমানের স্ত্রী সালমা শাহাদাত, মোসাদ্দেক হোসেনের স্ত্রী রেবেকা সুলতানা, মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক মনিরুজ্জামানের স্ত্রী মৌসুমী সাইদ, নগর বিএনপির সদস্য শাকিলুর রহমানের মা সখিনা বেগম ও রাজশাহী মহানগর মহিলা দলের সভানেত্রী কাজী হেনা উল্লেখযোগ্য।
মঙ্গলবার নগরের সাহেব বাজার জিরো পয়েন্ট এলাকায় জেলা মহিলা দলের পক্ষ থেকে মিছিল বের করা হয়। এ সময় পুলিশ জলকামান দিয়ে মিছিলকারীদের ছত্রভঙ্গ করে দেয়। পর দিন নগরের রেলগেট এলাকায় মহানগর মহিলা দলের পক্ষ থেকে মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ জলকামান দিয়ে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। গত বৃহস্পতিবার ভোরে কাজী হেনা আরেকজন সহযোগীকে নিয়ে নগরের বর্ণালীর মোড়ে একটি চায়ের দোকানের পাশে গিয়ে বসেন। অন্য নারীদের তিনি অটোরিকশা নিয়ে সেখানে আসতে বলেন। খবর পেয়ে ভোর সাড়ে পাঁচটার দিকে মহিলা পুলিশ গিয়ে সেখানে হাজির হয়। পরে পুলিশ তাঁদের সেখান থেকে সরে যেতে বলে।
কাজী হেনা জানান, পুলিশ গিয়ে প্রথমে তাঁকে উঠে যেতে বলে। এ সময় তিনি পুলিশকে জানান, তিনি চাঁপাইনবাবগঞ্জ যাবেন। বাসের জন্য বসে আছেন। তবে মহিলা পুলিশের একজন তাঁকে ভালোয় ভালোয় সেখান থেকে উঠে যেতে বলেন, না হলে পরিস্থিতি খারাপ হলে বলে শাসিয়ে যান। এ ছাড়া অটোরিকশায় যে মেয়েরা এসেছিলেন, পুলিশ তাঁদের ওই গাড়িতেই ফেরত পাঠিয়ে দেয়।