বিএনপির নিখোঁজ দুই নেতার সন্ধান দাবিতে মানববন্ধন
বিএনপির নিখোঁজ দুই নেতার সন্ধান দাবিতে গতকাল বৃহস্পতিবার কুমিল্লার লাকসাম পৌর শহরের কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে মানববন্ধন হয়েছে। হিরু-হুমায়ুন মুক্তি পরিষদের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধন চলাকালে বেলা তিনটায় আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন সাবেক সাংসদ এম আনোয়ারুল আজিম, আবুল কালাম, আবদুর রহমান প্রমুখ।
সমাবেশে বক্তরা বলেন, একাত্তরে পাকিস্তানি হানাদার বাহিনী অনেক মুক্তিযোদ্ধাকে ধরে নিয়ে গেছে। ওই সব মানুষের খোঁজ আজও মেলেনি। কিন্তু এখন তো পাকিস্তানি হানাদার বাহিনী নেই। আছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাহলে দীর্ঘ চার মাসেও লাকসামের বিএনপির দুই নেতাদের খোঁজ মিলছে না কেন?
গত বছরের ২৭ নভেম্বর লাকসাম উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ সাইফুল ইসলাম হিরু, পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবির পারভেজ এবং একই কমিটির সহসাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন একটি অ্যাম্বুলেন্সে করে ঢাকায় যাচ্ছিলেন। ওই সময় কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার আলীশ্বর এলাকা থেকে র্যাব পরিচয়ে সাদা পোশাকে একটি দল তাঁদের আটক করে।