বিএনপির নির্যাতনের দাগ ৫০ বছরেও মুছবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাহবুব উল আলম হানিফ
মাহবুব উল আলম হানিফ

২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত নির্যাতনের এক ইতিহাস রচনা করেছিল বিএনপি। আগামী ৫০ বছরেও এর দাগ মুছবে না।

আজ শনিবার দুপুরে কুষ্টিয়া মোহিনী মিল মাঠে এক অনুষ্ঠানে সাংবাদিকদের এসব কথা বলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন ২০১৩ সালে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের বৃত্তি ও সনদ প্রদানের এ অনুষ্ঠানের আয়োজন করে।

হানিফ বলেন, বিএনপি সরকারের আমলে মানুষের ওপর নির্যাতন হয়েছে। আওয়ামী লীগ সরকারের সময় বিএনপির কোনো নেতা-কর্মী নির্যাতনের শিকার হননি বলে দাবি করেন তিনি।

রোজার পর বিএনপির সরকার পতনের আন্দোলনের প্রসঙ্গে আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘গত তিন বছর যাবত্ বিএনপি ও তাদের নেতারা প্রতিদিনই সরকারের পতন ঘটিয়ে ফেলছেন। এ নিয়ে নতুন করে কিছু বলতে চাই না। নিজেদের সব অপকর্ম ঢাকতে মির্জা ফখরুল ইসলাম আলমগীররা এখন মিথ্যাচার করছেন। আওয়ামী লীগের বিরুদ্ধে মিথ্যাচার করে কোনো ফায়দা হবে না। কারণ জনগণ বিএনপির চরিত্র সম্পর্কে জানে। তাঁরা জঙ্গিবাদের উত্থান করেছিল, এটা প্রমাণিত।’

এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী, সহসভাপতি রবিউল ইসলাম, শহর আওয়ামী লীগের সভাপতি তাইজাল আলী খানসহ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মী এবং বিভিন্ন কিন্ডারগার্টেনের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।