আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রথম রায়ের ব্যাপারে আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া না জানানোতে বিএনপির সমালোচনা করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। তিনি বলেন, ‘এ বিষয়ে বিএনপির প্রতিক্রিয়া না দেওয়া দুরভিসন্ধিমূলক। কেন তাদের এই নিস্তব্ধতা তা বিবেচনায় নেওয়া উচিত।’গতকাল মঙ্গলবার আওয়ামী লীগের ধানমন্ডির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে হানিফ এ কথা বলেন। তিনি দাবি করেন, ‘যুদ্ধাপরাধী বাচ্চু রাজাকারের ফাঁসির আদেশে বিএনপি শোকাহত।’‘যুদ্ধাপরাধীদের বিচার রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের অংশ’—বিএনপির সমন্বয়ক তরিকুল ইসলামের এই বক্তব্যের সমালোচনা করে হানিফ বলেন, এটা ডাহা মিথ্যা কথা। তাঁর এই বক্তব্যের মধ্য দিয়ে বিএনপির রাজনৈতিক দেউলিয়াত্ব প্রমাণ হয়েছে। আবারও প্রমাণ হয়েছে, তারা যুদ্ধাপরাধীদের বিচার চায় না।এক প্রশ্নের জবাবে মাহবুব উল আল হানিফ বলেন, বাচ্চু রাজাকার (আবুল কালাম আযাদ) পালিয়ে থাকলেও তাঁকে খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।ছাত্রলীগের সাম্প্রতিক কর্মকাণ্ড সম্পর্কে প্রশ্নের জবাবে হানিফ বলেন, ছাত্রলীগ আওয়ামী লীগের অঙ্গ কিংবা সহযোগী সংগঠন নয়, ভ্রাতৃপ্রতিম সংগঠন। অপরাধের সঙ্গে ছাত্রলীগসহ যে-ই জড়িত থাকছে, তাকে আইনের আওতায় আনা হচ্ছে। একই সঙ্গে সাংগঠনিক ব্যবস্থাও নেওয়া হচ্ছে।