বিএনপির নেতা আটকের প্রতিবাদে সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের কালাই পৌর বিএনপির সহসভাপতি রেজাউল করিমকে (৫৮) আটকের প্রতিবাদে গতকাল শনিবার বিএনপির স্থানীয় নেতা-কর্মীরা জয়পুরহাট-বগুড়া সড়ক অবরোধ করেন। এ সময় তিন ঘণ্টা ধরে ওই রাস্তায় যান চলাচল বন্ধ থাকে। পুলিশ সূত্রে জানা যায়, জুয়ার আসর বসানো হয় এমন অভিযোগে গতকাল সকাল ১০টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাক আহমেদ কালাই বাসস্ট্যান্ডের কাছে সড়ক ও জনপথ অধিদপ্তরের জায়গায় নির্মিত যুবসংঘের ঘরটি উচ্ছেদ শুরু করেন। এ সময় যুবসংঘের ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল করিম নিজেরাই ঘরটি ভেঙে ফেলার কথা বলে শ্রমিক ভাড়া করার জন্য স্থানীয় লুৎফরের দোকানে যান। সেখান থেকে ইউএনও তাঁকে গাড়িতে তুলে থানায় নিয়ে আসেন।এ খবর ছড়িয়ে পড়লে বিএনপির নেতা-কর্মীরা সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত সড়ক অবরোধ করে রাখেন। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ইউএনও জুয়া আইনে রেজাউল করিমকে ২০০ টাকা জরিমানা করেন।মোস্তাক আহমেদ অভিযোগ করেন, যুবসংঘের ওই ঘরে জুয়ার আসর বসানো হতো। ঘর থেকে তাস উদ্ধার করা হয়েছে। রেজাউল করিম ২০০ টাকা জরিমানা দিয়েছেন। কালাই থানার ওসি রমজান আলী জানান, জরিমানার টাকা আদায় করে রেজাউল করিমকে মুক্তি দেওয়া হলে অবরোধ তুলে নেওয়া হয়।