কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিন-উর-রশিদ ওরফে ইয়াছিনকে প্রতিহত করার ঘোষণা দিয়েছেন কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র মো. মনিরুল হক ওরফে সাক্কু। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল বুধবার কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির কার্যালয়ের সামনে আয়োজিত আলোচনা সভায় মনিরুল হক এই ঘোষণা দেন।অনুষ্ঠানের প্রধান অতিথি কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মেয়র মনিরুল হক বলেন, ‘আগামী মার্চের পর জেলা বিএনপির সাধারণ সম্পাদককে প্রতিহত করা হবে। মার্চ মাসে আমার মেয়ের পরীক্ষা শেষ হবে। তখন কুমিল্লাতে আমি থাকব, অথবা ইয়াছিন থাকবে। ইয়াছিন মিথ্যা মামলা দিয়ে জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ইউসুফ মোল্লা টিপুকে জেল খাটাচ্ছে। টিপু যত দিন জেল খাটবে, ইয়াছিনকেও তত দিন জেল খাটতে হবে। মার্চ মাসের পর ইয়াছিনের কোনো কর্মী দলীয় কার্যালয়ে আসতে পারবে না। আমি প্রতিদিন দলীয় কার্যালয়ে আসব।’ গতকাল দুপুর ১২টার দিকে কুমিল্লা নগরের কান্দিরপাড়ে ভিক্টোরিয়া সরকারি কলেজ সড়ক বন্ধ রেখে স্বেচ্ছাসেবক দলের ওই অনুষ্ঠান হয়। কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোজাহিদ চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন দক্ষিণ জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি ফজলুল হক, কুমিল্লা শহর বিএনপির সাবেক সভাপতি আবদুর রউফ চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মাহবুবুল আলম, রেজাউল হক ও কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের জ্যেষ্ঠ সহসভাপতি সাজ্জাদুল কবির প্রমুখ। সভায় মেয়র মনিরুল বলেন, ‘বিগত সিটি করপোরেশন নির্বাচনে আমিন-উর-রশিদ ইয়াছিন আনারস প্রতীকের পক্ষে কাজ করেছেন। বাড়ি বাড়ি গিয়ে ভোট চেয়েছেন। টাকা খরচ করেছেন। তাঁর কত টাকা আছে তা আমি দেখব।’ মেয়রের বক্তব্যের ব্যাপারে বিএনপির নেতা ও সাবেক সাংসদ আমিন-উর-রশিদ বলেন, ‘তিনি (মেয়র মনিরুল) যদি বিএনপির নেতা-কর্মীদের দলীয় কার্যালয়ে ঢুকতে না দেন, তাহলে আমার বলার কিছু নেই। কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে ইভিএম-পদ্ধতিতে ভোট গ্রহণ হওয়ায় বিএনপি অংশ নেয়নি। তাই ওই নির্বাচনে আমাদের কারোর কাজ করার প্রশ্নই ওঠে না। আর ইউসুফ মোল্লাকে আমি জেলে পাঠাইনি। তাঁর মারামারির ঘটনার সময় আমি দেশের বাইরে ছিলাম।’ আমিন-উর-রশিদ বলেন, ‘স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীর সভায় তিনি (মনিরুল) জাতীয় ইস্যু নিয়ে কোনো ধরনের বক্তব্য রাখেননি। উল্টো আমার বিরুদ্ধে বিষোদ্গার করেছেন। সময় হলে তিনি তাঁর ভুল বুঝতে পারবেন।’দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোজাহিদ চৌধুরী বলেন, ‘দীর্ঘদিনের ক্ষোভ ও দলীয় নেতা-কর্মীদের হয়রানি করার কারণে দলের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে মেয়র এসব কথা বলেছেন।’ কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি দুই ধারায় বিভক্ত। এর এক পক্ষে নেতৃত্ব দিচ্ছেন আমিন-উর-রশিদ। আরেক পক্ষে মনিরুল হক। ২০০৮ সালের ২৯ ডিসেম্বর নবম জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে উভয় নেতার মধ্যে কোন্দল দেখা দেয়। ওই কোন্দল বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের মধ্যেও ছড়িয়ে পড়ে। এ নিয়ে দীর্ঘদিন দলটিতে অস্থিরতা চলছে। মেয়র মনিরুল গতকাল প্রথমবারের মতো তাঁর রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী আমিন-উর-রশিদের বিরুদ্ধে প্রকাশ্যে বক্তব্য দিলেন। এতে জেলা বিএনপিতে অস্থিরতা আরও বাড়ার আশঙ্কা করছেন নেতা-কর্মীরা।