বিএনপির নেতা আসাদুলের গ্রামে লাঠিসোঁটা নিয়ে পাহারা
বিএনপির কেন্দ্রীয় কমিটির গ্রাম সরকারবিষয়ক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী আসাদুল হাবিব দুলুর বাড়ি লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ী ইউনিয়নের বিভিন্ন স্থানে পাহারা বসানো হয়েছে। লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে স্থানীয় লোকজন তিন রাত ধরে সেখানে অবস্থান করছেন।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যাতে তাঁকে গ্রেপ্তার করতে না পারেন, সে জন্য এই গণপাহারার ব্যবস্থা করা হয়েছে।’
আসাদুল হাবিব বলেন, ‘মহাজোট সরকারের একাধিক মন্ত্রী ও প্রভাবশালী রাজনৈতিক নেতা আন্দোলনরত বিএনপির নেতাদের ধরে মারধর করে পুলিশের হাতে তুলে দেওয়ার আহ্বান জানিয়েছেন। এতে আমিসহ আমার দলের অনেক নেতা শঙ্কিত। এই কারণে আমার এলাকার লোকজন রাত জেগে পাহারা দিচ্ছেন।’
পুলিশ সুপার মো. হাবিবুর রহমান জানান, ওই ইউনিয়নের বিভিন্ন স্থানে আসাদুল হাবিবের সমর্থকেরা অবস্থান করছেন। জোর করে এসব তুলে দিতে গেলে রক্তক্ষয়ী সংঘর্ষ হতে পারে। এই কারণে পুলিশ শক্তি প্রয়োগ করেনি। তিনি আরও বলেন, ‘আসাদুল হাবিবকে গ্রেপ্তার বা আটক করার কোনো পরিকল্পনা বা নির্দেশ এখন পর্যন্ত আসেনি বা পাওয়া যায়নি।’