বিএনপির নেতা এখন ছাত্রদলের আহ্বায়ক!
উপজেলা বিএনপির এক নেতাকে ঝালকাঠি জেলা ছাত্রদলের আহ্বায়ক করা হয়েছে। ৩৪ বছর বয়স্ক এই নেতা কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রও নন। ওই নেতার নাম মো. শাফায়াত হোসেন সরদার।ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি সুলতান সালাহউদ্দিন ও সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম গত ২৪ মার্চ সাত সদস্যের ঝালকাঠি জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির অনুমোদন দেন। এই কমিটিতে আহ্বায়ক হিসেবে রয়েছেন মো. শাফায়াত হোসেন সরদার। কমিটির ছয়জন যুগ্ম আহ্বায়ক হলেন: এনামুল হক, মুশফিকুর রহমান, সফিকুল ইসলাম, মিজানুর রহমান, তাজুল ইসলাম ও আরিফুর রহমান। শুক্রবার বিকেলে কমিটির অনুলিপি সাংবাদিকদের দেওয়া হয়। জেলা ছাত্রদলের বিদায়ী সাধারণ সম্পাদক আনিছুর রহমান খান বলেন, ২০ মার্চ কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে অনুষ্ঠিত সভায় তৃণমূল নেতা-কর্মীদের মতামত উপেক্ষা করে এ কমিটি গঠন করা হয়। ৩৪ বছর বয়স্ক এক বিএনপি নেতা জেলা ছাত্রদলের দায়িত্ব পাবেন—এটা ভাবতেই কষ্ট হচ্ছে। দলীয় সূত্রে জানা গেছে, শাফায়াত হোসেন সরদার একই সঙ্গে ঝালকাঠি সদর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এবং সদর উপজেলা ছাত্রদলের সভাপতি। ১৯৯৩ সালে উজিরপুর উপজেলার পঞ্চগ্রাম মাধ্যমিক বিদ্যালয় থেকে তিনি এসএসসি পাস করেন। তিনি কোন সালে বা কোথা থেকে উচ্চমাধ্যমিক পাস করেছেন, সে ব্যাপারে কেউ কোনো তথ্য দিতে পারেনি। তবে শাফায়াত হোসেন মুঠোফোনে বলেন, ‘আমি ১৯৯৭ সালে উজিরপুর ডিগ্রি কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাস করেছি। এখন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে স্নাতক শ্রেণীতে ভর্তি আছি।’