বিএনপির নেতা এ্যানির বিরুদ্ধে অভিযোগপত্র অনুমোদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে করা মামলায় লক্ষ্মীপুরের সাবেক সাংসদ ও বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির বিরুদ্ধে অভিযোগপত্র অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বৃহস্পতিবার কমিশনের সভায় এ অনুমোদন দেওয়া হয় বলে জানিয়েছেন দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য।
দুদক সূত্র জানায়, অভিযোগপত্রে বলা হয়েছে, শহীদ উদ্দীন চৌধুরী দুদকে জমা দেওয়া সম্পদ বিবরণীতে ১৩ লাখ ১৩ হাজার ৯৪০ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন বলে তদন্তে পাওয়া গেছে। এ ছাড়া তদন্তে তাঁর বিরুদ্ধে ১ কোটি ২২ লাখ ৪২ হাজার ৬৭০ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের প্রমাণ পাওয়া গেছে। এ মামলার তদন্ত করেন দুদকের উপপরিচালক মাহবুবুল আলম।
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে শহীদ উদ্দীন চৌধুরীর বিরুদ্ধে দুদকের উপপরিচালক মো. মঞ্জুর মোর্শেদ গত বছরের ৯ অক্টোবর রাজধানীর রমনা থানায় মামলা করেন। সেখানে তাঁর বিরুদ্ধে ১৩ লাখ ১৩ হাজার ৯৪০ টাকার সম্পদের তথ্য গোপন এবং ১ কোটি ৪০ লাখ ৪২ হাজার ৬৭০ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়। তবে তদন্তে ১৮ লাখ টাকার সম্পদ কম পাওয়া গেছে।
দুদক সূত্র জানায়, এ মামলার অভিযোগপত্র শিগগিরই আদালতে জমা দেওয়া হবে।