পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় ছাত্রলীগ ও যুবলীগের হামলায় যুবদলের ১০ কর্মী আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। একই সঙ্গে তাঁরা বিএনপি, যুবদল ও ছাত্রদলের কয়েক নেতার বাড়িতে হামলা ও ভাঙচুর চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত শনি ও রোববার আলীপুর বন্দর ও উপজেলা শহরে এ ঘটনা ঘটে। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে উপজেলা বিএনপি গতকাল সোমবার তাদের ইফতার পার্টি অনুষ্ঠান বাতিল ঘোষণা করেছে। বিএনপির কেন্দ্রীয় কমিটির স্বেচ্ছাসেবকবিষয়ক সহসম্পাদক ও উপজেলা বিএনপির সভাপতি এ বি এম মোশাররফ হোসেন জানান, শনিবার সন্ধ্যা সাড়ে সাতটায় আলীপুর বন্দরে নেতা-কর্মীদের ওপর অতর্কিতে হামলা চালানো হয়। এতে লতাচাপলী ইউনিয়ন যুবদলের কর্মী আবদুল জব্বার (১৮), সালমান (২২), রিয়াজ (১৯) ও মেহেদীসহ নয়জন আহত হন। রোববার মনোহরিপট্টি এলাকায় ধুলাসার ইউনিয়নের যুবদলের কর্মী মাঈনুদ্দিনের (২৫) ওপর ছাত্রলীগের কর্মীরা হামলা চালায়। এ বি এম মোশাররফ আরও জানান, রোববার রাত নয়টায় আলীপুর বন্দরে তাঁদের সমর্থক ছালাম খলিফার ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালানো হয়। রাত ১২টায় উপজেলা শহরের এতিমখানা সড়কে তাঁর বাসভবন লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করা হয়। পাশেই উপজেলা বিএনপির সহসভাপতি এম খলিলুজ্জামানের বাসায় হামলা চালানো হয়েছে। এ ছাড়া উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক হারুন-অর-রশিদের রহমতপুর এলাকার বাসায়, বালিকা বিদ্যালয় সড়কে ছাত্রদলের সভাপতি জাকির হোসেন বাদল মৃধার বাসায় হামলা চালিয়ে দরজা ও জানালা ভাঙচুর করা হয়। উপজেলা যুবলীগের সভাপতি মো. মঞ্জুরুল ইসলাম বলেন, এ হামলা ও ভাঙচুরের ঘটনার সঙ্গে যুবলীগ জড়িত নয়। উপজেলা ছাত্রলীগের সভাপতি সুজন মোল্লা বলেন, উপজেলা বিএনপির মধ্যে অভ্যন্তরীণ কোন্দল রয়েছে। এই কোন্দলের জের ধরে গত চার দিন আগে বিএনপির দলীয় কার্যালয়ে দুই পক্ষের নেতা-কর্মীদের মধ্যে হাতাহাতি হয়। হামলা ও ভাঙচুরের সঙ্গে উপজেলা ছাত্রলীগ আদৌ জড়িত নয়।