বিএনপির নেতা-কর্মীদের বাড়িতে ভাঙচুর, লুটপাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সনমান্দি ইউনিয়নের ফতেহপুর গ্রামে গত শনিবার রাতে আওয়ামী লীগ ও যুবলীগের নেতা-কর্মীরা বিএনপির নেতা-কর্মীদের বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
প্রত্যক্ষদর্শী, এলাকাবাসী এবং বিএনপির ক্ষতিগ্রস্ত নেতারা জানান, রাত ১০টা থেকে ভোর পাঁচটা পর্যন্ত উপজেলা যুবলীগের সহসভাপতি আমিনুল ইসলাম, সনমান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য শহীদুল্লা এবং আনোয়ার হোসেনের নেতৃত্বে আওয়ামী লীগ ও যুবলীগের ৭০-৮০ জন কর্মী প্রথমে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বিল্লাল হোসেনের তেলের মিলে হামলা চালান। তাঁরা মিলের প্রধান ফটক ভেঙে ৩০ মণ সরিষাসহ কারখানার সব মালামাল লুট করেন।
পরে হামলাকারীরা বিল্লাল হোসেনের বাড়িতে প্রবেশ করে ভাঙচুর চালিয়ে সব মালামাল লুট করে নিয়ে যান। এরপর একে একে তাঁরা বিএনপির কর্মী মাহফুজুল আলম, আবদুল বাতেন, মজিবুর রহমান, মতিন মিয়া, ওহাব আলী, আতাউর রহমান, ফরিদ হোসেন, আমির হোসেন, আরিফুল হক, আবদুল কাদের, ইসমাইল হোসেনসহ ২০ জনের বাড়িঘরে হামলা চালান এবং মূল্যবান মালামাল লুট করে নিয়ে যান।
অভিযোগের ব্যাপারে জানতে চাইলে যুবলীগের নেতা আমিনুল ইসলাম ও আওয়ামী লীগের নেতা শহীদুল্লা মিয়া বলেন, এ ঘটনার সঙ্গে তাঁরা জড়িত নন। উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শামসুল ইসলাম ভূঁইয়া বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। দলের নাম ভাঙিয়ে কেউ এ ঘটনার সঙ্গে জড়িত থাকলে তাঁদের বিরুদ্ধে দলীয়ভাবে ব্যবস্থা নেওয়া হবে।
সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের কেউ মামলা করতে চাইলে আমরা তা গ্রহণ করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।’
প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে জমি নিয়ে উপজেলার সনমান্দি ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান বিল্লাল হোসেনের সঙ্গে শহীদুল্লা মিয়ার বিরোধ চলছে। এর জের ধরে গত শুক্রবার বিকেলে উভয় পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। সংঘর্ষের একপর্যায়ে রাত আটটার দিকে থানার উপপরিদর্শক (এসআই) শরীফুল ইসলাম ও এসআই নাসির উদ্দিনের নেতৃত্বে পুলিশের আট সদস্য ঘটনাস্থলে উপস্থিত হন। এ সময় বিল্লালের নেতৃত্বে তাঁর লোকজন পুলিশের ওপর হামলা চালান।এ ঘটনায় শুক্রবার রাতে মামলা হয় এবং গত শনিবার দায়িত্বে অবহেলার কারণে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রত্যাহার করা হয় এবং গঠন করা হয় তিন সদস্যের তদন্ত কমিটি।