বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে আট বছর পর মামলা, গ্রেপ্তার ৭
জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ ও বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল হাসানাত আব্দুল্লাহর নির্বাচনী প্রচারকাজে ব্যবহূত মাইক্রোবাসে বোমা হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় আট বছর পর মামলা হয়েছে। ঢাকার ধানমন্ডি এলাকার বাসিন্দা ঠিকাদার এম এ বাশার শুক্রবার রাতে গৌরনদী থানায় এ মামলা করেন। মামলার পর ওই রাতেই গৌরনদী ও আগৈলঝাড়া থানার পুলিশ যৌথ অভিযান চালিয়ে সাতজন আসামিকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার করা আসামিরা হলেন রত্নপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মান্নান আকন, বিএনপির নেতা সিকদার হাফিজ উদ্দিন, জহুরুল ইসলাম, হারুন হাওলাদার, জাফর হাওলাদার, বাবুল ওরফে লাদেন ও রমজান আকন। তাঁদের গত শনিবার গৌরনদীর প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে গ্রেপ্তারের আতঙ্কে বিএনপির অনেক নেতা-কর্মী এলাকা ছেড়ে আত্মগোপন করেন। মামলার এজাহারে বলা হয়েছে, ২০০১ সালের ২৯ নভেম্বর দুপুরে আবুল হাসানাত আব্দুল্লাহর নির্বাচনী প্রচারণা শেষে একটি মাইক্রোবাসে করে তাঁর কর্মীরা ফেরার পথে উপজেলার মাহিলাড়া বাজারের কাছে আসামিরা ওই মাইক্রোবাস লক্ষ করে বোমা নিক্ষেপ করেন। তখন গাড়ি ফেলে পালিয়ে যাওয়ার সময় হাসানাতের কর্মী ও ঠিকাদার এম এ বাশার, গাড়িচালক আবদুল মান্নান ও গাড়ির মধ্যে থাকা আরও চার কর্মীকে আসামিরা মারধর করেন। আসামিরা তাঁদের কাছ থেকে এক লাখ ৩১ হাজার টাকা ছিনিয়ে নিয়ে ওই গাড়িতে অগ্নিসংযোগ করেন। মামলায় মাহিলাড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ ফিরোজ ফোরকান, আগৈলঝাড়ার গৈলা ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হোসেন, সহসভাপতি সিকদার হাফিজ উদ্দিন, গৌরনদী উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাফর ইকবাল, গৌরনদী পৌর বিএনপির সাধারণ সম্পাদক হান্নান শরীফ, আগৈলঝাড়া উপজেলা যুবদলের সভাপতি আলী হোসেন ভূঁইয়া, যুবদল নেতা মেনহাজ ফকিরসহ ৮২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৫০ জন নেতা-কর্মীকে আসামি করা হয়েছে।