বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীতে গাড়ি ভাঙচুরের ঘটনায় বিএনপির ২০০ জনেরও বেশি নেতা-কর্মীর বিরুদ্ধে দ্রুতবিচার আইনে মামলা করেছে পুলিশ। গতকাল বুধবার সুধারাম (সদর) থানার উপপরিদর্শক (এসআই) আবদুল হাই এ মামলা করেন।

মামলায় বিএনপির সুবর্ণচর উপজেলার সভাপতি এ বি এম জাকারিয়া, সদর উপজেলার সভাপতি আবদুর রহমান, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক কাজী কবির, বিএনপির শহর শাখার সহসভাপতি সহিদুল ইসলাম, যুবদলের সদর থানার সভাপতি জসিম উদ্দিন, ছাত্রদলের জেলা শাখার সভাপতি নূরুল আমিন খানসহ ৮৩ জনের নাম উল্লেখ করা হয় এবং ১০০ থেকে ১৫০ জনকে অজ্ঞাতনামা আসামি হিসেবে দেখানো হয়েছে।

এদিকে গাড়ি ভাঙচুরের পর শহরের বিভিন্ন এলাকা থেকে বিএনপি ও সহযোগী সংগঠনের আটক সাত কর্মী-সমর্থককে এজাহারভুক্ত আসামি করা হয়েছে। তাঁদের গতকাল ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে নোয়াখালী বিচারিক হাকিমের আদালতে প্রেরণ করা হয়। আদালত তাঁদের জামিন নামঞ্জুর করে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মোহামঞ্চদ শাহজাহানকে গত মঙ্গলবার জেলগেট থেকে আবারও গ্রেপ্তারের প্রতিবাদে নোয়াখালীতে রাত আটটার দিকে বিক্ষোভ মিছিল বের করেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। এ সময় মিছিলে অংশ নেওয়া কিছু ব্যক্তি অন্তত ২৫টি গাড়ি ও ওয়ান ব্যাংকের সামনের দিকের কাচ ভাঙচুর করেন।সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক প্রথম আলোকে বলেন, ভাঙচুরের পর আটক সাত ব্যক্তিকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তিনি বলেন, বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।