>

এখানে বিএনপির দলীয় দুই প্রার্থীরই মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
মানিকগঞ্জ-২ আসনে বিএনপির দলীয় দুই প্রার্থীরই মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এতে ওই আসনে বিএনপির কোনো প্রার্থী থাকল না। এ নিয়ে দলের নেতা-কর্মী ও ভোটারদের মধ্যে হতাশা ও ক্ষোভ বিরাজ করছে।
বিএনপির দুই প্রার্থীরই মনোনয়নপত্র বাতিলের বিষয়টিকে নেতিবাচক হিসেবে দেখছেন স্থানীয় ভোটাররা। সিঙ্গাইরের জামির্ত্তা এলাকার আবু ইউসুফ এবং হরিরামপুরের আন্ধারমানিক এলাকার আবিদ হাসান বলেন, বিএনপির দুজন প্রার্থীরই মনোনয়ন বাতিল করায় এখানে প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হওয়ার সম্ভাবনা নেই। কারণ, বিএনপি ও আওয়ামী লীগ, দুটিই বড় দল। এই দুটির মধ্যে একটি দলের প্রার্থী সংসদ নির্বাচনে না থাকলে নির্বাচন প্রতিদ্বন্দ্বিতামূলক হবে না।
সিঙ্গাইর পৌর বিএনপির সাধারণ সম্পাদক বাবুল হোসেন বলেন, সারা দেশে কয়েক শ দলীয় প্রার্থীর মনোনয়নপত্রে স্বাক্ষর করেছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কোনো কারণে তাঁর স্বাক্ষর কিছুটা এদিক-সেদিক হতে পারে। আর সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আবিদুর রহমান নিয়ম অনুযায়ী পদত্যাগপত্র জমা দিয়েছেন। তবে গৃহীত না হলে এর দায়দায়িত্ব সংশ্লিষ্ট কর্তৃপক্ষের, প্রার্থীর নয়।
জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, সিঙ্গাইর ও হরিরামপুর উপজেলা এবং জেলা সদরের তিনটি ইউনিয়ন নিয়ে মানিকগঞ্জ-২ আসন গঠিত। এই আসনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মঈনুল ইসলাম খান, সিঙ্গাইর উপজেলা পরিষদের চেয়ারম্যান (সম্প্রতি পদত্যাগ করেন) আবিদুর রহমান খান, আওয়ামী লীগের বর্তমান সাংসদ মমতাজ বেগম, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আবদুল মান্নান, বিকল্পধারার প্রেসিডিয়াম সদস্য গোলাম সারোয়ার, ইসলামী আন্দোলনের মোহাম্মদ আলী, তরিকত ফেডারেশনের মোহাম্মদ ফেরদৌস আহমেদ এবং স্বতন্ত্র প্রার্থী মোশারফ হোসেন ও রফিকুল ইসলাম মনোনয়নপত্র জমা দেন।
গতকাল সকাল সাড়ে ১০টার দিকে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে আনুষ্ঠানিক ঘোষণা শুরু হয়। এ সময় জেলা রিটার্নিং কর্মকর্তাসহ মানিকগঞ্জের তিনটি আসনের প্রার্থী ও তাঁদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পরে বিএনপির দুই প্রার্থী মঈনুল ইসলাম খান এবং আবিদুর রহমান খানের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এস এম ফেরদৌস।
জেলা রিটার্নিং কর্মকর্তা এস এম ফেরদৌস জানান, মঈনুল ইসলাম খানের মনোনয়নপত্রে বিএনপির মহাসচিবের স্বাক্ষরের মিল না থাকায় তাঁর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। এ ছাড়া উপজেলা চেয়ারম্যানের পদে পদত্যাগপত্র গৃহীত না হওয়ায় আবিদুর রহমানের মনোনয়নপত্র বাতিল করা হয়।
মঈনুল ইসলাম খান বলেন, ‘দলীয় মনোনয়নের চিঠিতে দলের মহাসচিবের স্বাক্ষরের গরমিলের কারণে আমার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তিনি অনেক প্রার্থীর মনোনয়নপত্রে স্বাক্ষর করেছেন। একটু গরমিল হতে পারে। বিষয়টি রিটার্নিং কর্মকর্তাকে জানালেও তিনি তা আমলে নেননি। বিষয়টি অত্যন্ত দুর্ভাগ্যজনক। তবে এই বিষয়ে আমি আপিল করব।’
আবিদুর রহমান বলেন, ‘আমি রিটার্নিং কর্মকর্তা কাছে চেয়ারম্যান পদের পদত্যাগপত্র দিয়েছি। তিনি (রিটার্নিং কর্মকর্তা) সেই পদত্যাগপত্র স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠিয়েছেন। এরপরও আমার পদত্যাগপত্র গ্রহণ করা হয়নি। মন্ত্রণালয় থেকে কোনো সিদ্ধান্তের কাগজপত্র পাঠায়নি বলে শুনেছি।’ তিনি বলেন, আজ সোমবার ঢাকায় নির্বাচন কমিশনে গিয়ে এ বিষয়ে অভিযোগ করবেন তিনি। সুরাহা না হলে উচ্চ আদালতে রিট করবেন।
জেলা রিটার্নিং কর্মকর্তা এস এম ফেরদৌস বলেন, জেলার তিনটি আসনে আটজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। ৩ থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত এই প্রার্থীরা নির্বাচন কমিশনে আপিল করার সুযোগ পাবেন। আপিলে যে প্রার্থীদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হবে, তাঁরা নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পাবেন।