বিএনপির নেতা-কর্মীদের হয়রানির অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপজেলা পরিষদ নির্বাচন সামনে রেখে বগুড়ার গাবতলীতে বিএনপির নেতা-কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে পুলিশ হয়রানি করছে বলে অভিযোগ উঠেছে। কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়েছে। গত ৫ জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে সহিংসতার ঘটনায় ৪৯টি মামলার আসামি ধরার নামে এই হয়রানি করা হচ্ছে বলে দল থেকে দাবি করা হচ্ছে।

বিএনপি-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী ও গাবতলী পৌরসভার মেয়র মোরশেদ মিলটনের অভিযোগ, আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী এ এইচ এম আজম খানের চাপে পুলিশ বেছে বেছে তাঁর সক্রিয় কর্মী-সমর্থকদের বাড়িতে হানা দিচ্ছে। তিনি বলেন, উপজেলা নির্বাচনের ফল ছিনিয়ে নিতে বিএনপির নেতা-কর্মীরা যাতে ভোট দিতে না পারেন, এ জন্য প্রতি রাতেই বাড়ি বাড়ি পুলিশ পাঠিয়ে তাঁদের হয়রানি করা হচ্ছে। নেতা-কর্মীদের থানায় ধরে নিয়ে ভোটকেন্দ্রের হামলার মামলায় ফাঁসিয়ে দেওয়া হচ্ছে।

তবে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ এইচ এম আজম খান বলেন, ‘নির্বাচনী কাজেই সময় দিতে পারছি না, পুলিশের ওপর প্রভাব খাটানোর সময় কই? ভোটকেন্দ্রে হামলার ঘটনায় পুলিশ খোঁজখবর নিয়েই প্রকৃত দোষীদের গ্রেপ্তার করছে। এর সঙ্গে উপজেলা নির্বাচনের কোনো সম্পর্ক নেই।’

বগুড়ার পুলিশ সুপার মো. মোজাম্মেল হকও বলেন, উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে কোনো রাজনৈতিক দল বা ব্যক্তির দ্বারা প্রভাবিত হয়ে পুলিশ কাউকে গ্রেপ্তার করছে না। ভোটকেন্দ্রে হামলার ঘটনায় জড়িত প্রকৃত দোষীদের গ্রেপ্তারে নিয়মিত অভিযান চলছে। এক সপ্তাহে তিন-চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গাবতলী থানা সূত্রে জানা গেছে, ৫ জানুয়ারির নির্বাচনে বগুড়া-৭ আসনে ভোটবিরোধীরা ব্যাপক সহিংসতা চালান। এর মধ্যে গাবতলী উপজেলার ৮৮টি কেন্দ্রের প্রায় সব কটিতেই ব্যালট পেপার ও বাক্স ছিনতাই, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এতে সব কেন্দ্রে ভোট গ্রহণ ভন্ডুল হয়ে যায়। গাবতলী মডেল থানা ও আওয়ামী লীগের একটি দলীয় কার্যালয়েও হামলা হয়। এসব ঘটনায় সংশ্লিষ্ট কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তারা ৪৭টি, পুলিশ একটি এবং ক্ষমতাসীন দলের এক নেতা আরেকটি মামলা করেন। আওয়ামী লীগের কার্যালয়ে হামলার মামলায় গাবতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম এবং থানায় হামলার মামলায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোরশেদ মিলটনসহ অর্ধশত নেতা-কর্মীর নাম উল্লেখ করা হয়। এসব মামলায় ৩৩ হাজারেরও বেশি অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়।

গাবতলী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. লুৎফর রহমান প্রথম আলোকে বলেন, তদন্ত শেষ না হওয়ায় ৪৯ মামলার একটিতেও এখন পর্যন্ত আদালতে অভিযোগপত্র দাখিল করা যায়নি। এসব মামলায় এ পর্যন্ত ২৪৮ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

থানায় হামলার ঘটনায় করা মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) লাল মিয়া বলেন, এ মামলায় এখন পর্যন্ত ৩০ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এর মধ্যে শুধু একজন এজাহারভুক্ত। বাকি সবাই অজ্ঞাতনামা। এজাহারভুক্ত আসামিরা জামিনে রয়েছেন। ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক খান দাবি করেন, নিরপরাধ কাউকে পুলিশ হয়রানি করছে না।