পিরোজপুরের স্বরূপকাঠি পৌরসভায় বিএনপির মেয়র পদপ্রার্থী শফিকুল ইসলামের (ফরিদ) প্রায় অর্ধশত সমর্থকের বাড়ি গিয়ে হুমকি এবং অন্তত ১০ জনের বাড়িতে ভাঙচুর ও হামলার অভিযোগ উঠেছে। গত রোববার দিবাগত রাত ১২টা থেকে ভোর পর্যন্ত এসব হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।
শফিকুল ইসলাম অভিযোগ করেন, কয়েক দিন ধরে যুবলীগ ও ছাত্রলীগের লোকজন বিএনপি এবং এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে তাঁদের এলাকা ছেড়ে চলে যাওয়ার হুমকি দিচ্ছেন। প্রচারণায় অংশ নেওয়া কর্মীদের মারধর করছেন। রোববার রাতে ১০ জন নেতা-কর্মীর বাড়িতে ভাঙচুর এবং ৪৩ জনের বাড়িতে গিয়ে হুমকি দেওয়া হয়েছে।
স্থানীয় বিএনপির অন্তত ১৬ জন নেতা-কর্মী অভিযোগ করেন, রোববার রাতে উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাসরুল আলমের নেতৃত্বে ২০-২৫ জন যুবক উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী কামাল, কর্মী মজিবর ও রিপন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক লোকমান হাকিম, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সেলিম আহমেদ, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মাইনুল হাসান, পৌর যুবদলের আহ্বায়ক ইমাম শিকদার, পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল যুবায়ের, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আদনান হাসনাইন, কর্মী শফিকুরের বাড়িতে হামলা চালায় এবং তাঁদের মারধর করেন।
ওই নেতা-কর্মীরা আরও অভিযোগ করেন, একই রাতে আওয়ামী লীগের লোকজন পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে বিএনপির মেয়র প্রার্থীর দুজন সমর্থক, ২ নম্বর ওয়ার্ডের সাতজন, ৩ নম্বর ওয়ার্ডের চারজন, ৪ নম্বর ওয়ার্ডের ছয়জন, ৫ নম্বর ওয়ার্ডের ছয়জন, ৬ নম্বর ওয়ার্ডের তিনজন, ৭ নম্বর ওয়ার্ডের আটজন, ৮ নম্বর ওয়ার্ডের পাঁচজন এবং ৯ নম্বর ওয়ার্ডের দুজন সমর্থকের বাড়িতে গিয়ে তাঁদের বাড়ি ছেড়ে যাওয়ার জন্য ভয় দেখান।
নাম প্রকাশ না করার শর্তে বিএনপির কয়েকজন নেতা বলেন, আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী বিএনপির প্রার্থীর পক্ষে গণজোয়ার দেখে হামলা ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন, যাতে ভয়ে বিএনপির লোকজন নির্বাচনের মাঠ ছেড়ে দেন। বিএনপি নির্বাচন থেকে সরে দাঁড়ালে আওয়ামী লীগ ফাঁকা মাঠে গোল দেওয়ার পরিকল্পনা করছে। কিন্তু বিএনপির নেতা-কর্মীরা শেষ পর্যন্ত মাঠে থাকবেন।
মাসরুল আলম হামলা ও হুমকির অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমার মতো ব্যক্তির পক্ষে রাতে এ ধরনের কাজ করা শোভা পায় কি না আপনারাই বলেন।’
আওয়ামী লীগের মেয়র প্রার্থী গোলাম কবির বলেন, বিএনপির মেয়র প্রার্থীর সমর্থকদের ওপর হামলা ও বাড়িঘরে ভাঙচুরের অভিযোগ সত্য নয়।
পিরোজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন বলেন, ‘গত কয়েক দিনে আমাদের (বিএনপির) শতাধিক নেতা-কর্মীর বাড়িঘরে গিয়ে হুমকি, হামলা ও মারধরের ঘটনা ঘটেছে। বিএনপির প্রার্থীর পোস্টার ছিঁড়ে ফেলা হচ্ছে। আওয়ামী লীগের প্রার্থীর লোকজন মোটরসাইকেল মহড়া দিচ্ছেন। কিন্তু স্থানীয় প্রশাসনের নীরব ভূমিকায় সুষ্ঠু নির্বাচন নিয়ে আমাদের মধ্যে শঙ্কা দেখা দিয়েছে।’
শফিকুল ইসলাম বলেন, এ পর্যন্ত হামলা, ভাঙচুর ও হুমকির যেসব ঘটনা ঘটেছে তা মৌখিকভাবে সহকারী রিটার্নিং ও উপজেলা নির্বাচন কর্মকর্তা ইউসুফ হারুনকে মৌখিকভাবে জানানো হয়েছে। ইউসুফ হারুন বলেন, অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে তিনি ওসিকে জানিয়েছেন এবং আওয়ামী লীগের প্রার্থীকে সতর্ক করে দিয়েছেন।
নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, এ ব্যাপারে আমাদের কাছে কেউ কোনো অভিযোগ করেননি।