হবিগঞ্জে গত সোমবার দিবাগত রাতে জেলা বিএনপির দুজন নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া ৪৭ জন নেতা-কর্মীর বিরুদ্ধে আওয়ামী লীগের মেয়র প্রার্থীর মাইক পোড়ানোর অভিযোগে মামলা হয়েছে। এরপর থেকে পলাতক রয়েছেন জেলা বিএনপির নেতা-কর্মীরা।
জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মিজানুর রহমান চৌধুরী বলেন, নির্বাচনে দলের প্রার্থী থাকলেও এখন নির্বাচন পরিচালনা বা ভোটকেন্দ্রে এজেন্ট দেওয়ার মতো লোক নেই তাঁদের। যাঁরা সম্ভাব্য দলীয় এজেন্ট থাকার কথা বা নির্বাচন পরিচালনা করছেন, তাঁদের সবার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে।
এ বিষয়ে বক্তব্য জানতে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতাউর রহমানের মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও তিনি ধরেননি।
পুলিশ ও বিএনপির স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাত তিনটার দিকে জেলা বিএনপির সহসভাপতি শামছু মিয়া চৌধুরী ও জাতীয়তাবাদী জেলা আইনজীবী ফোরামের সদস্য সালেহ উদ্দিনকে পুলিশ গ্রেপ্তার করেছে। এ ছাড়া আওয়ামী লীগের প্রার্থী আতাউর রহমানের প্রচারণার মাইক ও একটি রিকশা পোড়ানোর অভিযোগে সোমবার জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মিজানুর রহমান চৌধুরী ও জেলা ছাত্রদলের আহ্বায়ক তাজুল ইসলাম ফরিদসহ ৪৭ জন নেতা-কর্মীর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে থানায় মামলা হয়েছে। এসব ঘটনার পর থেকে জেলা বিএনপির নেতা-কর্মীরা পলাতক রয়েছেন।
বিএনপির স্থানীয় সূত্র আরও জানায়, জেলা বিএনপির সভাপতি সৈয়দ মো. ফয়সল ঢাকায় থাকেন। জেলা কমিটির সাধারণ সম্পাদক ও মেয়র প্রার্থী জি কে গউছ সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলায় কারাগারে রয়েছেন। জেলা সাংগঠনিক সম্পাদক এনামুল হক গত শুক্রবার রাতে গ্রেপ্তার হয়েছেন। সব মিলিয়ে পৌর নির্বাচনের আগমুহূর্তে অভিভাবকহীন হয়ে পড়েছে জেলা বিএনপি।
জেলা ছাত্রদলের আহ্বায়ক তাজুল ইসলাম ফরিদ বলেন, আওয়ামী লীগ ফাঁকা মাঠে জয় ছিনিয়ে নিতে বিএনপির নেতা-কর্মীদের বাড়িতে পুলিশ পাঠিয়ে হয়রানি করছে। সে কারণে দলের সব নেতা-কর্মী পলাতক।
হবিগঞ্জ সদর থানার ওসি নাজিম উদ্দিন বলেন, মামলা থাকায় বিএনপির নেতা-কর্মীদের গ্রেপ্তার করা হয়েছে। আর ৪৭ জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে।