বিএনপির নেতা-কর্মীসহ তিন হাজার ব্যক্তি আসামি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৮-দলীয় জোটের ডাকা ৬০ ঘণ্টার হরতাল শুরুর আগে ও পরে সহিংসতার ঘটনায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীসহ অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন স্থানে ১৩টি মামলা হয়েছে। পুলিশ ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের করা এসব মামলায় তিন হাজার জনকে আসামি করা হয়েছে। মামলাগুলোর মধ্যে পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধাদান ও গাড়ি ভাঙচুরের অভিযোগে ফরিদপুরে সহস্রাধিক ব্যক্তি, সহিংসতা ও ট্রেনে হামলার ঘটনায় আদমদীঘিতে আরও এক হাজার ব্যক্তি এবং মানিকগঞ্জে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় বিএনপির দুই শতাধিক নেতা-কর্মীকে আসামি করা হয়েছে। প্রথম আলোর মানিকগঞ্জ, চকরিয়া (কক্সবাজার), ধুনট ও আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি এবং ফরিদপুর অফিস-এর পাঠানো খবর:
মানিকগঞ্জ: জেলা ছাত্রদলের দুই শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। গত রোববার রাতে সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহ আলম মামলাটি করেন। মামলায় জেলা ছাত্রদলের সভাপতি মাসুদ পারভেজসহ নাম উল্লেখ করে ৩১ জন এবং অজ্ঞাতনামা আরও ২০০ জনকে আসামি করা হয়েছে।
এসআই শাহ আলম বলেন, রোববার বিকেলে ছাত্রদলের নেতা-কর্মীরা হরতালের পক্ষে মিছিল নিয়ে শহরের শহীদ রফিক সড়কে পুলিশের ওপর হামলা চালান। এতে পুলিশের প্রফেশনাল উপপরিদর্শক (পিএসআই) সাইফুল ইসলাম ও কনস্টেবল মেহেদী হাসান আহত হন। পুলিশকে মারধরের অভিযোগে ওই মামলা হয়েছে।
তবে জেলা ছাত্রদলের সভাপতি পাল্টা অভিযোগ করে বলেন, ছাত্রদলের শান্তিপূর্ণ মিছিলে ওই দিন পুলিশ অতর্কিত হামলা চালায় ও রাবার বুলেট ছোড়ে। নেতা-কর্মীদের হয়রানি করতেই এ মামলা করা হয়েছে।
ফরিদপুর: জেলার নগরকান্দা থানার এসআই মো. খলিল গত রোববার পুলিশের ওপর হামলা, সংঘর্ষ, সরকারি কাজে বাধাদান ও গাড়ি ভাঙচুরের অভিযোগে একটি মামলা করেন। মামলায় নাম উল্লেখ করে ১৬০ জনকে এবং অজ্ঞাতনামা সহস্রাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আতিয়ার রহমান জানান, এ পর্যন্ত ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
চকরিয়া (কক্সবাজার): চকরিয়ায় গত শুক্রবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে ২ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম ওরফে বাদশা (২৮) নিহত হওয়া এবং পুলিশের ওপর হামলার ঘটনায় একটি হত্যা মামলা করেছে পুলিশ। মামলায় নিহত বাদশাকে প্রধান আসামি করে বিএনপির অর্ধশত নেতা-কর্মীকে জড়ানো হয়েছে। এ ছাড়া সহিংসতার অভিযোগে একই ব্যক্তিদের আসামি করে আরও দুটি মামলা হয়েছে। এই দুই মামলার প্রতিটিতে তিন থেকে চার শ অজ্ঞাতনামা ব্যক্তিকেও আসামি করা হয়। চকরিয়া থানার এসআই মো. মনিরুজ্জামান এসব মামলা করেন।
চকরিয়া পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও পৌর মেয়র নুরুল ইসলাম বলেন, বিজিবি-পুলিশের গুলিতে বাদশা নিহত হলেও উল্টো বিএনপির নেতা-কর্মীদের আসামি করে পুলিশ মামলা করেছে।
আদমদীঘি (বগুড়া): আদমদীঘিতে গত রোববার সহিংসতা ও ট্রেনে হামলার ঘটনায় উপজেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের ২১ নেতা-কর্মীর নাম উল্লেখ করে আদমদীঘি থানা ও সান্তাহার রেলওয়ে জিআরপি থানায় পৃথক দুটি মামলা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আরও এক হাজার ব্যক্তিকে আসামি করা হয়।
উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তৌফিকুর রহমান ও সান্তাহার রেলস্টেশনের মাস্টার হাবিবুর রহমান ওই দিন রাতে এসব মামলা করেন। পুলিশ নিয়ন (২১) ও তুফান (১৯) নামের ছাত্রদলের দুই কর্মীকে গ্রেপ্তার করেছে।
ধুনট (বগুড়া): বিএনপির ৫০ জন নেতা-কর্মীর বিরুদ্ধে দুটি মামলা হয়েছে। গত শনিবার সন্ধ্যায় হরতালের সমর্থকেরা একটি ভুটভুটিতে আগুন ধরিয়ে দিলে আওয়ামী লীগের নেতা-কর্মীরা স্থানীয় বিএনপির নেতা আকতার আলমের বাসায় ভাঙচুর চালান ও দুটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করেন। এ ঘটনায় শমসের আলী নামের এক পাট ব্যবসায়ী আকতার আলমসহ বিএনপির ২৭ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করেন। পৃথক ঘটনায় এলাঙ্গী ইউনিয়ন বিএনপির সভাপতি আইয়ুব আলীসহ ২৩ নেতা-কর্মীকে আসামি করে অপর মামলাটি হয়েছে।