বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনকে গতকাল বুধবার রাতে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। পরে তাঁকে গুলশান থানায় নিয়ে যাওয়া হয়।
দুদকের করা অর্থ পাচার মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার খন্দকার লুৎফুল কবির জানান, দুদকের মামলায় তাঁকে তাঁর বাসা থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় পুলিশও তাঁদের সঙ্গে ছিল।
জানা গেছে, দুদকের পরিচালক ও উইং কমান্ডার মো. তাহিদুল ইসলাম ও মামলার বাদী উপপরিচালক আহসান আলীর নেতৃত্বে একটি দল গতকাল রাতে তাঁকে গ্রেপ্তার করে।
খন্দকার মোশাররফ হোসেনকে গ্রেপ্তারের নিন্দা জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি বলেছেন, এ ধরনের গ্রেপ্তারের মাধ্যমে দেশকে অস্থিতিশীলতার দিকে ঠেলে দেওয়া হচ্ছে।
মামলার এজাহারে বলা হয়েছে, ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী থাকাকালে খন্দকার মোশাররফ হোসেন ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি ও মানি লন্ডারিংয়ের মাধ্যমে অবৈধভাবে অর্জিত বৈদেশিক মুদ্রা গোপন করে এবং দেশে বিদ্যমান আইন না মেনে বিদেশে অর্থ পাচার করেছেন। তিনি যুক্তরাজ্যের লয়েডস টিএসবি অফশোর প্রাইভেট ব্যাংকিংয়ে স্ত্রীর সঙ্গে যৌথ নামে ‘ফিক্সড টার্ম ডিপোজিট’ নামের হিসাবে আট লাখ চার হাজার পাউন্ড জমা করেন। বিদেশে জমা করা অর্থের বা হিসাবের বিষয়ে সাবেক স্বাস্থ্যমন্ত্রী তাঁর সম্পদ বিবরণী বা তাঁর আয়কর বিবরণী নথির কোথাও উল্লেখ করেননি।
এজাহারে আরও বলা হয়েছে, বিদেশে বৈদেশিক মুদ্রা হিসাব খোলার বিষয়ে খন্দকার মোশাররফ বা তাঁর স্ত্রী বিলকিস কেউই বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে কোনো অনুমোদন নেননি।