বিএনপির নেতা গয়েশ্বর রায় কারাগারে

রাজধানীর রামপুরা থানায় করা একটি হত্যা মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের জামিনের আবেদন নাকচ করে তাঁকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল বুধবার ঢাকার মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা এই আদেশ দেন।
গত মঙ্গলবার ঢাকার মহানগর দায়রা জজ আদালত এই মামলার অভিযোগপত্র আমলে নিয়ে গয়েশ্বর চন্দ্র রায়সহ ৩৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। গতকাল গয়েশ্বর চন্দ্র রায় আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। আদালত তা নাকচ করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
২০১৩ সালের ২৯ ডিসেম্বর বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের আহূত ‘মার্চ ফর ডেমোক্রেসি’ কর্মসূচি পালনের সময় রামপুরা থানাধীন মালিবাগ চৌধুরীপাড়ায় ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। ওই ঘটনায় মানসুর প্রধানিয়া নামের একজন নিহত হন। এ ঘটনায় ৩০ ডিসেম্বর রামপুরা থানার পুলিশ এই মামলা করে।
চলতি বছরের ২০ মার্চ রামপুরা থানার উপপরিদর্শক (এসআই) মামুনুর রশিদ বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়সহ ৪৯ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন।