বিএনপির নেতা তারেক রিমান্ড শেষে কারাগারে
নরসিংদী পৌরসভার মেয়র লোকমান হোসেন হত্যা মামলার এজাহারভুক্ত আসামি জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক তারেক আহমেদের পাঁচ দিনের রিমান্ড গতকাল রোববার শেষ হয়েছে। নতুন রিমান্ড আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, গত ২৫ ডিসেম্বর রাতে ঢাকায় শাহজালাল বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ বিএনপির নেতা তারেক আহমেদকে গ্রেপ্তার করে। পরে তাঁকে নরসিংদী পুলিশের কাছে হস্তান্তর করা হয়। গত সোমবার তাঁকে আদালতে পাঠিয়ে ১০ দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে গতকাল তাঁকে মুখ্য বিচারিক হাকিমের আদালতে হাজির করা হয়। এ সময় আদালতের কাছে দ্বিতীয় দফায় পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়। শুনানি শেষে আদালতের বিচারিক হাকিম নিতাই চন্দ্র সাহা রিমান্ড নামঞ্জুর করে তারেককে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা ও জেলা গোয়েন্দা পুলিশের ওসি মামুনুর রশীদ বলেন, আদালত তারেকের রিমান্ড নামঞ্জুর করেছেন। তবে প্রয়োজনে তাঁকে কারা ফটকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত। নরসিংদীর মেয়র ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লোকমান হোসেনকে গত ১ নভেম্বর শহরের জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। এ ঘটনায় নিহতের ছোট ভাই কামরুজ্জামান বাদী হয়ে ডাকমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজুর ছোট ভাই সালাহউদ্দিন আহমেদকে প্রধান আসামি করে ১৪ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা করেন। গতকাল পর্যন্ত মামলার এজাহারভুক্ত তিন আসামিসহ মোট ১৩ জনকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে নয়জন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।