বিএনপির নেতা দুই পিন্টুর জামিন মঞ্জুর
পৃথক মামলায় কারাবন্দী বিএনপির নেতা আবদুস সালাম পিন্টু ও নাসির উদ্দীন আহম্মেদ পিন্টুর ছয় মসের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট। পিলখানায় হত্যাযজ্ঞের মামলায় নাসির উদ্দীন আহম্মেদ পিন্টুর এবং নারায়ণগঞ্জে আওয়ামী লীগ কার্যালয়ে বোমা হামলার অভিযোগে করা মামলায় আবদুস সালাম পিন্টুর করা জামিন আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেওয়া হয়।গতকাল মঙ্গলবার বিচারপতি শেখ রেজোয়ান আলী ও বিচারপতি মো. আবদুল হাফিজ সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তাঁদের জামিন মঞ্জুর করেন। আদালতে তাঁদের পক্ষে আইনজীবী রফিক-উল হক ও খন্দকার মাহবুব হোসেন মামলা পরিচালনা করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মমতাজ উদ্দিন ফকির ও সহকারী অ্যাটর্নি জেনারেল মো. বশিরউল্লাহ। খন্দকার মাহবুব হোসেন প্রথম আলোকে বলেন, নাসির উদ্দীন পিন্টুর ক্ষেত্রে ছয় মাস অথবা রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জামিন মঞ্জুর করা হয়েছে। তাঁর কারামুক্তিতে আইনগত বাধা নেই। একটি মামলায় আবদুস সালাম পিন্টুর ছয় মাসের জামিন মঞ্জুর করা হয়। জানা যায়, বিডিআর বিদ্রোহের ঘটনায় ২০০৯ সালের ২৮ ফেব্রুয়ারি এ মামলাটি করা হয়। এতে নাসির উদ্দীন পিন্টুর বিরুদ্ধে বিদ্রোহী বিডিআর জওয়ানদের পালিয়ে যেতে সহযোগিতার অভিযোগ আনা হয়। নারায়ণগঞ্জে আওয়ামী লীগ কার্যালয়ে বোমা হামলার অভিযোগে ২০০১ সালের ১৭ জুন মামলা করা হয়। এ মামলায় আবদুস সালাম পিন্টুকে গ্রেপ্তার দেখানো হয় ২০০৯ সালের ৯ নভেম্বর।