বিএনপির নেতা নুরুল ফের রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীর সাবেক মেয়র লোকমান হোসেন হত্যা মামলার অন্যতম আসামি বিএনপির নেতা নুরুল ইসলামকে ফের রিমান্ডে নিয়েছে গোয়েন্দা পুলিশ। গতকাল মঙ্গলবার জেলা মুখ্য বিচারিক হাকিম নিতাই চন্দ্র সাহা চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। একই আদালত গত সোমবার নুরুলের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন।গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, প্রথম দফার রিমান্ড শেষে গতকাল বেলা সাড়ে ১১টার দিকে নরসিংদী সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলামকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ।এ সময় মামলার তদন্ত কর্মকর্তা আদালতকে বলেন, প্রথম দফায় রিমান্ডে নুরুলের কাছ থেকে গুরুত্বপূর্ণ কিছু তথ্য পাওয়া গেছে। লোকমান হত্যাকাণ্ডে ব্যবহূত অস্ত্রের উৎস ও মামলার তদন্তে তাঁকে আরও জিজ্ঞাসাবাদ প্রয়োজন। এ সময় বাদীপক্ষের আইনজীবীরা মামলার আরেক আসামি মোবারক হোসেনের অবস্থান নিশ্চিত করতে নুরুলকে আবার জিজ্ঞাসাবাদ প্রয়োজন বলে আদালতকে জানান। আসামিপক্ষের আইনজীবীরা নুরুলের রিমান্ডের বিরোধিতা করে তাঁকে জামিন দেওয়ার আবেদন জানান। দুই পক্ষের বক্তব্য শেষে আদালত নুরুলের জামিন নামঞ্জুর করে চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। জেলা প্রশাসক ও দায়রা জজের অপসারণ দাবি: গতকাল বেলা ১১টার দিকে লোকমান হত্যার সুষ্ঠু বিচারের দাবিতে নরসিংদী শহরের আদালতপাড়ায় ও জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন ছাত্রলীগ, যুবলীগ ও শ্রমিক লীগের একাংশের নেতা-কর্মীরা। এ সময় বক্তব্য দেন জেলা ছাত্রলীগের সভাপতি শাহ আলম, সাধারণ সম্পাদক ও নরসিংদী সরকারি কলেজ ছাত্র সংসদের ভিপি শামীম নেওয়াজ, শহর যুবলীগের সাধারণ সম্পাদক ওয়ালিউর রহমান, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আবদুর রহমান, ইউএমসি জুটমিল শ্রমিক ইউনিয়নের সভাপতি আনিসুর রহমান, নরসিংদী সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক সাধারণ সম্পাদক এস এম কাইয়ুম প্রমুখ।লোকমান হত্যা মামলার এজাহারভুক্ত ১১ আসামিসহ ১৩ জনকে জামিন দেওয়ার ঘটনায় বক্তারা জেলা ও দায়রা জজ মো. শাহজাহান মিয়া এবং জেলা প্রশাসক ওবায়দুল আজমের অপসারণ দাবি করেন। বক্তারা বলেন, এজাহারভুক্ত যেসব আসামি জামিনে মুক্তি পেয়েছেন তাঁদের জামিন বাতিল করে জেলহাজতে পাঠাতে হবে। অন্যথায় লোকমান হত্যার সুষ্ঠু বিচার হবে না বলে তাঁরা আশঙ্কা প্রকাশ করেন।