বিএনপির নেতা পলাতক জাহিদের বিচার শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মা ন ব তা বি রো ধী  অ প রা ধে র  বি চা র
মা ন ব তা বি রো ধী অ প রা ধে র বি চা র

ফরিদপুরের নগরকান্দা পৌরসভার মেয়র ও বিএনপির নেতা পলাতক জাহিদ হোসেনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের ১১টি অভিযোগ গঠন করে তাঁর বিচার শুরুর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। এ মামলায় রাষ্ট্রপক্ষের সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ৩ নভেম্বর দিন ধার্য করা হয়েছে।
বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ গতকাল বুধবার এ আদেশ দেন। অভিযোগ গঠনের আদেশে বলা হয়, জাহিদ হোসেন একাত্তরের ২১ এপ্রিল থেকে ৩০ জুলাই পর্যন্ত নগরকান্দায় পাকিস্তানি সেনাবাহিনীর সহযোগী হিসেবে হত্যা, ধর্ষণ, ধর্মান্তরিত করা, দেশান্তরে বাধ্য করা, অগ্নিসংযোগ প্রভৃতি মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িত ছিলেন। মুক্তিযুদ্ধকালে ১৬ জন নারী-শিশুসহ ৫০ জন নিরস্ত্র গ্রামবাসীকে গুলি করে হত্যার সঙ্গে জাহিদের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। এ ছাড়া তাঁর বিরুদ্ধে অভিযোগের মধ্যে রয়েছে ঘরে আগুন দিয়ে তিনজনকে পুড়িয়ে হত্যা, দুজনকে ধর্ষণ, ১৭ জনকে আটক রেখে নির্যাতন, নয়জনকে ধর্মান্তরে বাধ্য করা, ১০ গ্রামের দুটি মন্দিরসহ অসংখ্য বাড়িঘরে লুটপাট ও অগ্নিসংযোগ, সন্তানসহ সাতজনকে দেশত্যাগে বাধ্য করা প্রভৃতি।
তদন্ত সংস্থার সূত্র জানায়, জাহিদ হোসেন ১৯৭০ সালের নির্বাচনে জামায়াতে ইসলামীর প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছিলেন। পরে তিনি বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত হন। সর্বশেষ নগরকান্দা বিএনপির সহসভাপতির পদে থেকে নগরকান্দা পৌরসভা নির্বাচনে মেয়র নির্বাচিত হন। মেয়র হিসেবে শপথ নেওয়ার পর থেকে তিনি পলাতক।
জাহিদ পলাতক থাকায় গত ১৪ আগস্ট তাঁর অনুপস্থিতিতে বিচার শুরুর নির্দেশ দেন ট্রাইব্যুনাল। এর আগে তাঁকে আত্মসমর্পণ করার নির্দেশ দিয়ে দুটি পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ট্রাইব্যুনাল জাহিদ হোসেনের পক্ষে আইনজীবী হিসেবে সুপ্রিম কোর্টের আইনজীবী আবদুস শুকুর খানকে নিয়োগ দেন।