বিএনপির নেতা মীর নাছির কারাগারে
সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মীর মোহাম্মদ নাছির উদ্দিনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। চট্টগ্রাম নগরের চকবাজার থানার একটি মামলায় গতকাল শুক্রবার বিকেলে মহানগর হাকিম সৈয়দ মাসফিকুল ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন।
মীর নাছিরের আইনজীবী দুই মামলায় জামিনের আবেদন করলে আদালত তা নাকচ করে দেন। অপর দিকে নগরের কোতোয়ালি থানার একটি মামলায় আগামী ৩ ডিসেম্বর আদালতে হাজির হওয়ার শর্তে মীর নাছিরের জামিন মঞ্জুর করেন।
এদিকে মীর নাছিরকে গ্রেপ্তার ও কারাগারে পাঠানোর প্রতিবাদে বিএনপি-সমর্থক আইনজীবী ও নেতা-কর্মীরা বিভিন্ন স্লোগান দিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। এ সময় পুরো আদালতপাড়ায় নিরাপত্তা জোরদার করা হয়। সন্ধ্যায় প্রিজন ভ্যানে করে কড়া পুলিশি পাহারায় মীর নাছিরকে কারাগারে নিয়ে যাওয়া হয়। তাঁর সমর্থকেরা কারাগারের সামনেও তাঁর মুক্তি দাবি করে স্লোগান দিতে থাকেন। মীর নাছিরের আইনজীবী আবদুস সাত্তার বলেন, ‘রাজনৈতিভাবে হয়রানি করতে দুটি মামলায় মীর নাছিরকে জড়ানো হয়েছে। আদালত একটিতে জামিন দিলেও অপরটিতে জামিন মঞ্জুর করেননি।’ বৃহস্পতিবার রাত নয়টায় চট্টগ্রাম থেকে ঢাকায় যাওয়ার সময় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মীর নাছিরকে গ্রেপ্তার করে পুলিশ। পরে চকবাজার ও কোতোয়ালি থানার দুটি মামলায় মীর নাছিরকে আদালতে পাঠানো হয়।