বিএনপির নেতা মীর নাছিরকে গ্রেপ্তার নয়: হাইকোর্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কারাবন্দী বিএনপির নেতা ও সাবেক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ নাছির উদ্দিনকে যথাযথ আইনি প্রক্রিয়া ছাড়া অন্য কোনো মামলায় গ্রেপ্তার বা হয়রানি না করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আজ সোমবার বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি হাবিবুল গণির সমন্বয়ে গঠিত বেঞ্চ এক রিটের শুনানি নিয়ে এ আদেশ দেন।

গত বছরের ২৮ নভেম্বর মীর নাছিরকে গ্রেপ্তার করা হয়। আজ আদালতে তাঁর পক্ষে শুনানি করেন আইনজীবী রুহুল কুদ্দুস, নাসির উদ্দিন অসীম ও মীর হেলাল। পরে আইনজীবীরা ‘প্রথম আলো’কে বলেন, প্রথমে দুই মামলায় মীর নাছিরকে গ্রেপ্তার দেখানো হয়েছিল। ২৯ নভেম্বর একটি মামলায় জামিন পেলে অন্য আরেকটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। জামিন পাওয়ার পর আবারও তাঁকে গ্রেপ্তার দেখানো হতে পারে, এ আশঙ্কা থেকে রিট আবেদনটি করা হয়।