বিএনপির নেতা, র্যাব সদস্যসহ সড়ক দুর্ঘটনায় নিহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুর সদর উপজেলায় গত বৃহস্পতিবার মোটরসাইকেল ও গাড়ির মুখোমুখি সংঘর্ষে র‌্যাবের এক সদস্য নিহত হয়েছেন। খুলনার ডুমুরিয়া, রাজবাড়ীর গোয়ালন্দ ও বরিশালের গৌরনদীতে গত কয়েক দিনে সড়ক দুর্ঘটনায় বিএনপির নেতাসহ আরও তিনজন নিহত হয়েছেন।
আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:
ফরিদপুর: ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুর সদরের শিবরামপুর এলাকায় গত বৃহস্পতিবার একটি মোটরসাইকেলের সঙ্গে একটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের আরোহী র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্য ফারুক খান (৩৫) নিহত হন। তাঁর বাড়ি রাজবাড়ী সদর উপজেলার পার সাদীপুর গ্রামে। তিনি র‌্যাব-৬-এর ঝিনাইদহ কার্যালয়ে কর্মরত ছিলেন।
রাজবাড়ী সদর থানার ওসি সাইফুল ইসলাম জানান, ফারুক মাদারীপুর থানায় এসআই হিসেবে কর্মরত ছিলেন। এক বছর আগে তিনি র‌্যাবে যোগ দেন।
ডুমুরিয়া (খুলনা): গত বৃহস্পতিবার সকালে কয়রা উপজেলার জায়গিরমহল সড়কে একটি মোটরসাইকেলের সঙ্গে একটি নছিমনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের আরোহী কয়রা উপজেলার ঘুগরকাটি গ্রামের কহিনুর সরদারের ছেলে হূদয় সরদার (৬) নিহত হয়। কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুর রহমান বলেন, হূদয়ের মৃত্যুর ঘটনায় থানায় কোনো মামলা হয়নি।
গোয়ালন্দ (রাজবাড়ী): বুধবার সকালে ঈদের নামাজ শেষ করে বাড়ি ফেরার পথে গোয়ালন্দ উপজেলার জমিদার ব্রিজ এলাকায় একটি পিকআপের চাপায় শহীদ বেপারী (১৬) নামের এক কিশোর মারা যায়। সে উপজেলার উজানচর রমজান মাতুব্বর পাড়ার মৃত হাবিব বেপারীর ছেলে। ওই পিকআপের চাপায় শহীদের ছোট বোন আরিফা (৬) ও আইরীন (৪) গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গৌরনদী (বরিশাল): গত মঙ্গলবার সন্ধ্যায় বরিশাল সদর উত্তর জেলা বিএনপির শিল্পবিষয়ক সম্পাদক ও আগৈলঝাড়া উপজেলা শহরের ব্যবসায়ী অমল বিশ্বাস (৭০) সরিকল থেকে মোটরসাইকেলে আগৈলঝাড়া শহরে আসছিলেন। পথে গৌরনদী বাসস্ট্যান্ডে পৌঁছালে তাঁর মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।