বিএনপির নেতা শহীদ উদ্দীনের বিরুদ্ধে দুদকের মামলা
সম্পদের তথ্য গোপন এবং অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে লক্ষ্মীপুরের সাবেক সাংসদ ও বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বৃহস্পতিবার দুপুরে রাজধানীর রমনা মডেল থানায় মামলাটি করেন দুদকের উপপরিচালক মঞ্জুর মোর্শেদ।
এজাহারে বলা হয়েছে, শহীদ উদ্দীন চৌধুরী জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ এক কোটি ৪০ লাখ ৪২ হাজার ৬৭০ টাকার সম্পদের মালিক হয়েছেন। পাশাপাশি দুদকে দাখিল করা সম্পদ বিবরণীতে ১৩ লাখ ১৩ হাজার ৯৩৯ টাকার সম্পদের তথ্য গোপন করে মিথ্যা তথ্য দিয়েছেন।
শহীদ উদ্দীন চৌধুরীর বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ তদন্তে চলতি বছরের ২ ফেব্রুয়ারি কমিশনের নিয়মিত বৈঠকে অনুসন্ধান কর্মকর্তা নিয়োগ করা হয়। অনুসন্ধানে অবৈধ সম্পদ অর্জনের প্রমাণ পাওয়ায় অনুসন্ধান কর্মকর্তা তাঁর বিরুদ্ধে মামলার সুপারিশ করেন। কমিশন ১ অক্টোবর মামলা করার সিদ্ধান্ত অনুমোদন দেয়। গতকাল দুদক মামলা করে।