বিএনপির নেতা সাজেদুলের 'অপহরণ' কেন অবৈধ হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় সোয়া দুই বছর আগে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে বিএনপি নেতা সাজেদুল ইসলামকে গ্রেপ্তার বা অপহরণ বা নিখোঁজ হওয়ার ঘটনা কেন অবৈধ ও বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট।
একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি এ কে এম সাহিদুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল বৃহস্পতিবার এ রুল দেন। এক সপ্তাহের মধ্যে ১৩ জন বিবাদীকে রুলের জবাব দিতে বলা হয়েছে।
বিবাদীরা হলেন স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), র্যাবের মহাপরিচালক, পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত মহাপরিদর্শক, র্যাবের অতিরিক্ত মহাপরিচালক, অতিরিক্ত মহাপরিদর্শক (অপরাধ ও তদন্ত), স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব (রাজনৈতিক), ঢাকার জেলা প্রশাসক, ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার, তেজগাঁও অঞ্চলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার, র্যাব-১-এর পরিচালক, তেজগাঁও ও ভাটারা থানার ওসি।
আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মওদুদ আহমদ। সঙ্গে ছিলেন এ কে এম এহসানুর রহমান।
মামলার বিবরণে জানা যায়, ২০১৩ সালের ৪ ডিসেম্বর রাত সাড়ে আটটার দিকে বসুন্ধরা আবাসিক এলাকা থেকে ঢাকার ৩৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সাজেদুল ইসলামসহ (সুমন) ছয়জনকে উঠিয়ে নিয়ে যাওয়া হয়। নিখোঁজ হওয়া ব্যক্তিদের পরিবারের অভিযোগ, র্যাবের কালো পোশাক পরা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাঁদের তুলে নিয়ে যান। তাঁদের সঙ্গে থাকা তিনটি গাড়ি ও একটি মাইক্রোবাসে ‘র্যাব-১’ লেখা ছিল। ৩ মার্চ সাজেদুলের মা হাজেরা খাতুন প্রায় সোয়া দুই বছর আগে তাঁর ছেলেকে গ্রেপ্তার বা অপহরণ বা নিখোঁজের ওই ঘটনা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেন।
আদেশের পর মওদুদ আহমদ সাংবাদিকদের বলেন, সাজেদুল ইসলাম নিখোঁজের ওই ঘটনার পর তাঁর মা ছেলেকে ফিরে পেতে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে গেলে থানা তা গ্রহণ করেনি। তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও জাতীয় মানবাধিকার কমিশনে গিয়ে অনেক চেষ্টা করেছেন। মানবাধিকার কমিশন এ ঘটনা নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ছয়টি চিঠি দিয়েছে, কিন্তু মন্ত্রণালয় একটিরও জবাব দেয়নি। এরপর কমিশনের সর্বশেষ চিঠির জবাবে মন্ত্রণালয় জানিয়েছে, যেহেতু নিখোঁজ হওয়া ওই ব্যক্তিদের মধ্যে একজনের পরিবারের মামলা নেওয়া হয়েছে, তাই একই ঘটনায় আর কোনো মামলা নেওয়া হয়নি। অবশেষে সাজেদুলের মা তাঁর ছেলের খোঁজে হাইকোর্টের শরণাপন্ন হলেন।