জামিনে মুক্তি পাওয়ার পর ঢাকা কেন্দ্রীয় কারাগারের ফটক থেকে আবার আটক করা হয়েছে বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমদকে। গতকাল বৃহস্পতিবার দুপুরে তাঁকে আটকের পর মিন্টো রোডে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মো. মাসুদুর রহমান প্রথম আলোকে বলেন, সালাহ উদ্দিনকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এর আগে গত ১ এপ্রিল সালাহ উদ্দিনকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁকে গাড়ি পোড়ানো ও ককটেল বিস্ফোরণ-সংক্রান্ত পল্টন থানার একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে তিন দিনের রিমান্ডে নেয় পুলিশ। ওই মামলায় আদালত থেকে জামিন পেয়ে গতকাল দুপুরে কারাগার থেকে বের হয়েছিলেন তিনি। এদিকে বিএনপির কারাবন্দী অপর দুই যুগ্ম মহাসচিব আমান উল্লাহ ও মোহাম্মদ শাহজাহান এবং দলটির চেয়ারপারসনের উপদেষ্টা এ জেড এম জাহিদ হোসেনের ছয় মাসের জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট।গতকাল বিচারপতি মো. নিজামুল হকের নেতৃত্বাধীন একক বেঞ্চ বিস্ফোরক দ্রব্য আইনে রাজধানীর পল্টন থানার একটি মামলায় এই তিন নেতার জামিন মঞ্জুর করেন। এর ফলে তাঁদের কারামুক্তিতে আইনগত কোনো বাধা নেই বলে জানিয়েছেন তাঁদের আইনজীবী মওদুদ আহমদ।আদালত সূত্র জানায়, এর আগে ১৭ এপ্রিল হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে পল্টন থানার দুটি মামলায় বিএনপির এই তিন নেতার জামিনের আবেদনের ওপর শুনানি হয়। এর মধ্যে ভাঙচুর, রাস্তায় অগ্নিসংযোগের অভিযোগে দ্রুত বিচার আইনে করা মামলায় ছয় মাসের জামিন মঞ্জুর করেন আদালত। কিন্তু বিস্ফোরক দ্রব্য আইনে করা মামলায় বিভক্ত আদেশ হয়। জ্যেষ্ঠ বিচারপতি জামিন মঞ্জুর করেন। অপর বিচারপতি দ্বিমত পোষণ করে রুল জারি করেন। পরবর্তী সময়ে প্রধান বিচারপতি বিষয়টি বিচারপতি মো. নিজামুল হকের বেঞ্চে পাঠান। এই একক বেঞ্চ গতকাল আগের দ্বৈত বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতির জামিন মঞ্জুর করে দেওয়া আদেশের সঙ্গে একমত পোষণ করে আদেশ দেন।গত ১১ মার্চ সন্ধ্যায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অভিযানে ওই তিনজনসহ বিএনপির ১৫৪ জন নেত-কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ।