বিএনপির নেতা সুফিয়ানকে অপহরণের চেষ্টা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের রাউজান উপজেলায় নগর বিএনপি সিনিয়র সহসভাপতি আবু সুফিয়ানকে গতকাল মঙ্গলবার রাতে স্থানীয় সন্ত্রাসীরা অপহরণের চেষ্টা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। বিএনপির নেতারা অভিযোগ করেছেন, গুম করার উদ্দেশেই ছাত্রলীগের কর্মীরা আবু সুফিয়ানকে অপহরণের চেষ্টা চালান। বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা জানান, দুপুরে রাউজান উপজেলার বাগোয়ান এলাকায় একটি মেজবানের দাওয়াতে যান আবু সুফিয়ান। রাতে সেখান থেকে তিনি ফিরছিলেন। এ সময় তাঁর সঙ্গে চান্দগাঁও থানা বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনসহ বিএনপির তিনজন নেতা-কর্মী ছিলেন। ফেরার পথে উত্তর গশ্চি এলাকায় পৌঁছালে হামলার ঘটনা ঘটে। রাত নয়টায় আবু সুফিয়ান প্রথম আলোকে বলেন, ‘আমি ব্যক্তিগত গাড়ি নিয়ে শহরে ফিরছিলাম। পথে ৪০-৫০ জন সন্ত্রাসী গতিরোধ করে আমাকে গাড়ি থেকে নামিয়ে ফেলে। তারা আমার মুঠোফোন ও মানিব্যাগ কেড়ে নেয় এবং মারধর করে। পরে একটি সিএনজি অটোরিকশায় তুলে আমাকে গ্রামের দিকে নিয়ে যায়। বাকি তিনজনকে অন্য একটি অটোরিকশায় তুলে নিয়ে যায়।’ আবু সুফিয়ান বলেন, ‘অন্ধকার থাকায় কোথায় নিয়ে যাচ্ছিল তা বুঝিনি। পরে একটি ব্রিজের কাছে পৌঁছালে অটোরিকশায় হইচই শুনে স্থানীয়রা এগিয়ে আসে। তখন হামলাকারীরা আমাকে ফেলে পালিয়ে যায়।’ হামলাকারীদের পরিচয়ের বিষয়ে জানতে চাইলে আবু সুফিয়ান বলেন, ‘আমি তাঁদের চিনি না। তবে তাঁরা আমাকে বলেন, “আমরা এমপির মানুষ। রাউজানে কেন এসেছ?”’ এ ঘটনা জানাজানি হলে বিএনপির পক্ষ থেকে পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়। পরে রাউজান থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। রাত নয়টায় এ বিষয়ে হাটহাজারী অঞ্চলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার বাবুল আক্তার প্রথম আলোকে বলেন, ‘এ রকম একটি ঘটনার কথা শুনেছি। আমি ঘটনাস্থলের দিকে যাচ্ছি। আবু সুফিয়ানসহ অন্যরা এখন নগরে ফিরছেন বলে শুনেছি।’ঘটনাস্থল পরিদর্শনে যাওয়া রাউজান থানার উপপরিদর্শক টোটন মজুমদার বলেন, ‘উনি (আবু সুফিয়ান) একটি মেজবানে গিয়েছিলেন। সেখানে উনাদের মধ্যে সমস্যা হয়। পরে ঘটনাস্থলে গিয়ে কাউকে পাইনি। তাই কার সাথে সমস্যা হয়েছে তা জানতে পারিনি।’ এ বিষয়ে নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘গুম করার উদ্দেশ্যেই স্থানীয় ছাত্রলীগের ছেলেরা আবু সুফিয়ানকে নিয়ে যাচ্ছিল। স্থানীয়রা এগিয়ে না এলে তাঁকে গুম করা হতো। রাষ্ট্র যেখানে সন্ত্রাস করছে, সেখানে দলীয় সন্ত্রাসীরা ভাবছে সন্ত্রাস করতে অসুবিধা কী। এখন সবাই নিরাপত্তাহীনতায় ভুগছে।’ তবে বিএনপির নেতাদের অভিযোগ প্রত্যাখ্যান করে উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি বখতেয়ার সাইদ বলেছেন, এটি বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের ফলাফল হতে পারে। এর সঙ্গে ছাত্রলীগের কোনো সম্পৃক্ততা নেই।