বিএনপির নেতা হান্নান শাহ আর নেই

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আ স ম হান্নান শাহ (৭৭) আর নেই। গতকাল মঙ্গলবার ভোররাতে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
পারিবারিক সূত্র জানায়, আজ বুধবার সন্ধ্যায় হান্নান শাহের মরদেহ সিঙ্গাপুর থেকে ঢাকায় পৌঁছাবে। রাতে মরদেহ ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) হিমঘরে রাখা হবে। এরপর ঢাকা ও গাজীপুরে একাধিক জায়গায় জানাজা শেষে শুক্রবার তাঁর মরদেহ দাফন করা হবে।
হান্নান শাহ স্ত্রী নাহিদ হান্নান, মেয়ে শারমিন হান্নান এবং দুই ছেলে শাহ রেজাউল হান্নান ও শাহ রিয়াজুল হান্নানকে রেখে গেছেন। তাঁর মৃত্যুতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গভীর শোক প্রকাশ করেছেন। তাঁরা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।
দলের এই নেতার মৃত্যুতে বিএনপি চার দিনের শোক কর্মসূচি দিয়েছে। এর অংশ হিসেবে প্রতিদিন বিএনপির কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত এবং কালো পতাকা উত্তোলন করা হবে। শুক্রবার সারা দেশে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। গতকাল থেকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে শোকবই খোলা হয়েছে। ২৯ সেপ্টেম্বর পর্যন্ত বই সবার জন্য উন্মুক্ত থাকবে।
দলীয় ও পরিবার সূত্র জানায়, কাল বৃহস্পতিবার ঢাকায় হান্নান শাহর চারটি জানাজা হবে। সকাল ১০টায় মহাখালী ডিওএইচএস মসজিদে, বেলা সাড়ে ১১টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়, জোহরের পর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এবং বাদ আসর মহাখালীর গাউসুল আজম জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা হবে। এরপর রাতে মরদেহ সিএমএইচে রাখা হবে। পরদিন শুক্রবার সকাল নয়টায় জয়দেবপুর রাজবাড়ি মাঠে, সাড়ে ১০টায় কাপাসিয়া পাইলট উচ্চবিদ্যালয় মাঠে এবং জুমার পর নিজ গ্রাম চালা বাজার উচ্চবিদ্যালয় মাঠে জানাজার পর বাবার কবরের পাশেই হান্নান শাহ শায়িত হবেন।
৬ সেপ্টেম্বর সকালে হান্নান শাহ হৃদ্রোগে আক্রান্ত হন। এরপর তাঁকে প্রথমে সিএমএইচে এবং পরে ১১ সেপ্টেম্বর সিঙ্গাপুরের র্যাফেলস হার্ট সেন্টারে ভর্তি করা হয়। ঈদুল আজহার দিন তাঁর হৃদ্যন্ত্রের ধমনিতে চারটি রিং পরানো হয়েছিল। কিন্তু তাঁর অবস্থার কোনো উন্নতি হয়নি।
সাবেক সেনা কর্মকর্তা হান্নান শাহ ব্রিগেডিয়ার জেনারেল হিসেবে অবসরে যাওয়ার পর ১৯৮৩ সালে বিএনপিতে যোগ দেন। ১৯৯১ সালে গাজীপুর-৪ আসন থেকে বিএনপির সাংসদ হয়ে পাটমন্ত্রীর দায়িত্ব পান। তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য হওয়ার আগে ঢাকা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এবং চেয়ারপারসনের উপদেষ্টা ছিলেন। এক-এগারোর সময় খালেদা জিয়া গ্রেপ্তার হয়ে কারাগারে গেলে তিনি দলের পক্ষে সোচ্চার ছিলেন।
হান্নান শাহর মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক দল ও নেতা পৃথক বিবৃতিতে শোক প্রকাশ করেছেন। বিকল্পধারা বাংলাদেশের সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী, এলডিপির সভাপতি অলি আহমদ, জাতীয় পার্টি (জাফর) টি আই এম ফজলে রাব্বী চৌধুরী, জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ, বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান জেবেল রহমান প্রমুখ বিবৃতি দিয়েছেন।