বিএনপির নেতা হারুনার রশিদ খানের ইন্তেকাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ও মুন্নু গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান হারুনার রশিদ খান মুন্নু (৮৫) আর নেই। বার্ধক্যজনিত কারণে গতকাল মঙ্গলবার ভোর সাড়ে পাঁচটার দিকে মানিকগঞ্জ সদর উপজেলার গিলন্ড এলাকায় মুন্নু সিটির নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

পারিবারিক সূত্রে জানা গেছে, অসুস্থ হয়ে পড়ায় গত ২২ জুলাই হারুনার রশিদ খানকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। অবস্থার উন্নতি হওয়ায় সেখান থেকে গত সোমবার বিকেলে বাসায় ফিরে যান তিনি। এরপর গতকাল ভোরে তিনি মারা গেলেন। তিনি স্ত্রী ও দুই মেয়েসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন।

সাবেক সাংসদ ও মন্ত্রী (দপ্তরবিহীন) হারুনার রশিদের মৃত্যুতে খালেদা জিয়া, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রমুখ গভীর শোক প্রকাশ করেছেন।

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আজ হারুনার রশিদের প্রথম জানাজা ও পরে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় দ্বিতীয় জানাজা হওয়ার কথা রয়েছে। ষষ্ঠ ও শেষ জানাজার পর গিলন্ড এলাকায় মুন্নু সিটির মসজিদের পাশে তাঁর দাফন হওয়ার কথা।