বিএনপির নেতাকে আ.লীগ নেতার হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা নগর বিএনপির সাধারণ সম্পাদক এ টি এম কামালকে দেখে নেওয়ার হুমকি দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

কামালের অভিযোগ, খোকন সাহা তাঁর মুঠোফোনে কল দিয়ে হত্যা ও গুম করার হুমকি দিয়েছেন।

অভিযোগ অস্বীকার করে খোকন সাহা দাবি করেন, ‘তাঁর (এ টি এম কামাল) মোবাইল ফোন নম্বর আমার কাছে নেই। এটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন।’

এ টি এম কামাল জানান, শনিবার বিকেলে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আওয়ামী লীগের কর্মিসভায় সাবেক সাংসদ শামীম ওসমান ২৫ অক্টোবর কাঁচপুর দখলে নেওয়ার ঘোষণা ও বিএনপির আন্দোলন কর্মসূচি পালনে বাধা দেওয়ার ঘোষণা দেন। ওই ঘোষণার প্রতিবাদে মহানগর বিএনপি গতকাল রোববার বিকেলে শহরের ডিআইটি বাণিজ্যিক এলাকায় জেলা বিএনপি কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ আয়োজন করে।

কামাল বলেন, ‘সমাবেশের বিষয়টি জানতে পেরে খোকন সাহা শনিবার রাত ১০টার দিকে আমার মুঠোফোনে কল দিয়ে বলেন, “আপনি শামীম ওসমানকে চ্যালেঞ্জ করেছেন কেন। আপনি বেশি বাড়াবাড়ি করতেছেন। আপনি দেখতে চান আপনাকে কি করব?”’

এ ঘটনায় জেলা বিএনপির সভাপতি তৈমুর আলম খন্দকার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, ‘রাজনৈতিক দলগুলোর গণতান্ত্রিক চর্চায় এই হুমকি-ধমকি নিন্দনীয়। এ ধরনের হুমকি-ধমকির জবাব রাজপথে আন্দোলন কর্মসূচির মাধ্যমে দেওয়া হবে।’

সদর মডেল থানার ওসি মঞ্জুর কাদের জানান, হুমকি দেওয়ার অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।