বিএনপির নেতাকে আটকের পর ছেড়ে দেওয়া হলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার আদমদীঘি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল মনজুরের ওপর হামলার ঘটনায় গতকাল বুধবার ভোরে উপজেলা বিএনপির সভাপতি আবদুল মহিত তালুকদার ও তাঁর ছেলেকে আটক করা হয়। কিন্তু এর জের ধরে উপজেলা সদরে শুরু হয়ে যায় তুলকালাম কাণ্ড। পরে পুলিশ তাঁদের ছেড়ে দেয়।
পুলিশ সূত্র জানায়, মঙ্গলবার উপজেলার সান্তাহার শহরে ১৮ দলের প্রতিবাদ সমাবেশ থেকে হরতাল-সমর্থকেরা রাসেল মনজুরকে লাঞ্ছিত করে এবং তাঁকে বহনকারী মোটরসাইকেল ভাঙচুর করে। পরে বিএনপির নেতাদের হস্তক্ষেপে তিনি রক্ষা পান।
এ ঘটনায় গতকাল ভোরে ইউএনও নিজে পুলিশ নিয়ে গিয়ে সান্তাহার শহরের বাসা থেকে মহিত তালুকদার ও তাঁর ছেলে মমিনুর রহমান তালুকদারকে আটক করে থানায় নিয়ে যান।
এ খবর ছড়িয়ে পড়লে উপজেলার বিভিন্ন স্থানের মসজিদ থেকে তা প্রচার করা হয়। এর পরই বিএনপির কয়েক হাজার কর্মী-সমর্থক বিভিন্ন স্থান থেকে উপজেলা সদরে এসে সমাবেত হতে থাকেন। তাঁরা সান্তাহার-বগুড়া সড়কের বিভিন্ন জায়গায় গাছ ফেলে অবরোধ সৃষ্টি করেন।
একপর্যায়ে মহিত তালুকদারের বড় ভাই বগুড়া-৩ আসনের বিএনপিদলীয় সাংসদ আবদুল মোমিন তালুকদারও সেখানে উপস্থিত হন। পরিস্থিতি অবনতির আশঙ্কায় পুলিশ মহিত তালুকদার ও তাঁর ছেলেকে ছেড়ে দেয়।
মহিত তালুকদার বলেন, কোনো মামলা বা গ্রেপ্তারি পরোয়ানা ছাড়াই ইউএনও তাঁকে ও তাঁর ছেলেকে পুলিশ দিয়ে থানায় ধরিয়ে নিয়ে যান।
আদমদীঘি থানার ওসি তোজামেঞ্চল হক বলেন, ‘ইউএনও সাহেব ভোরে তাঁকে ডেকে নিয়ে বলেন, মহিত তালুকদারকে আটকের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশ আছে। তাঁর কথা অনুযায়ী বিএনপির নেতা ও তাঁর ছেলেকে আটক করা হয়।
একপর্যায়ে ইউএনও নিজে মামলা না করে আমাকে ভ্রাম্যমাণ আদালতে মামলা করতে বলেন। এর মধ্যে শহরের পরিস্থিতিও উত্তপ্ত হয়ে উঠছিল। পরিস্থিতির অবনতি ঘটার আগেই মুচলেকা নিয়ে আটককৃতদের ছেড়ে দেওয়া হয়।’
এ বিষয়ে রাসেল মনজুরের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ধরেননি। পরে বাসভবনে গিয়েও তাঁর সাক্ষাৎ পাওয়া যায়নি।