বান্দরবানে ছাত্রলীগ ও ছাত্রদল ঐকমত্যের ভিত্তিতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রায় এক কোটি ৩০ লাখ টাকার কাজের একটি দরপত্র বিএনপির এক নেতাকে পাইয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। এলজিইডির সহকারী প্রকৌশলী ফেরদৌস আহমেদ জানান, তিনি এক মাস আগে বদলি হয়ে বান্দরবানে এসে দেখেছেন, প্রায় ক্ষেত্রে দরপত্রে তিন-চারজনের বেশি ঠিকাদার বাক্সে জমা দিচ্ছেন না। তাঁরা বাইরে বোঝাপড়া করে এ রকম করছেন কি না, তা-ও জানা নেই। নির্বাহী প্রকৌশলীর দপ্তরের সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, এলজিইডি কার্যালয় ভবন সম্প্রসারণে এক কোটি ২৯ লাখ টাকার দরপত্র আহ্বান করা হয়। গত সোমবার দরপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল। দরপত্রে অংশগ্রহণে আগ্রহী ২৮ জন ঠিকাদার দরপত্র কেনেন। কিন্তু জমা পড়েছে মাত্র তিনটি।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ঠিকাদার অভিযোগ করেন, অনেক ঠিকাদার নিম্নদরে (কাজের প্রাক্কলিত ব্যয়ের চেয়ে কম মূল্যে) দরপত্রে অংশগ্রহণ করতে আগ্রহী ছিলেন। কিন্তু কাজটি জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মশিউর রহমানকে ১০ শতাংশ ঊর্ধ্ব দরে পাইয়ে দেওয়ায় তাঁরা দরপত্রে অংশ নিতে পারেননি। এ ক্ষেত্রে ছাত্রলীগের জেলা সভাপতি তোহিদুর রহমান চৌধুরী ও ছাত্রদলের জেলা সভাপতি সাবেকুর রহমানের কারণে তাঁরা দরপত্র জমা দিতে পারেননি। মশিউর রহমান জানান, মহাজোট সরকারের আমলে তিনি কোনো কাজ পাননি। এ জন্য কাজটি তিনি কিনে নিয়েছেন। দরপত্রে অংশগ্রহণকারী অন্য ঠিকাদারদের টাকা দেওয়ার কথা স্বীকার করলেও কত দিয়েছেন, তা বলতে তিনি অপারগতা প্রকাশ করেন। ছাত্রলীগের সভাপতি তোহিদুর রহমান চৌধুরী ও ছাত্রদলের সভাপতি সাবেকুর রহমান বলেন, অনেক ঠিকাদার দরপত্র কিনলেও তাঁদের এত বড় কাজ করার যোগ্যতা ছিল না। এ জন্য গত মঙ্গলবার রাতে একটি রেস্টুরেন্টে বসে বোঝাপড়া হয়। এলজিইডির নির্বাহী প্রকৌশলীর সঙ্গে একাধিকবার যোগাযোগ করেও তাঁকে পাওয়া যায়নি। তবে সহকারী প্রকৌশলী ফেরদৌস আহমেদ জানান, কোনো ঠিকাদার দরপত্র জমা দিতে না পারার ব্যাপারে অভিযোগ করেননি। তবে বিষয়টি মূল্যায়ন করা হচ্ছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন না পাওয়া গেলে আবার দরপত্র আহ্বান করা হবে।