বিএনপির নেতাকে লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ, আহত ৪
জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ও কুষ্টিয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক সোহরাব উদ্দিনের গণসংযোগস্থলে ককটেলের বিস্ফোরণ ঘটেছে। এতে তিনি অল্পের জন্য রক্ষা পেলেও দলের চার কর্মী আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। গতকাল সোমবার রাত সোয়া নয়টার দিকে সদর উপজেলার লক্ষ্মীপুর বাজারে এ ঘটনা ঘটে। এর প্রতিবাদে দলের নেতা-কর্মীরা বিক্ষোভ ও কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোহরাব উদ্দিন রাতে তাঁর নির্বাচনী এলাকায় গণসংযোগে যান। রাত সোয়া নয়টার দিকে তিনি লক্ষ্মীপুর বাজারে দাঁড়িয়ে নেতা-কর্মীদের সঙ্গে আলোচনা করছিলেন। এ সময় আলোচনাস্থলের কাছেই একটি ককটেল বিস্ফোরিত হয়। বিকট শব্দে তা বিস্ফোরিত হলে স্প্লিন্টারের আঘাতে আবদালপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোফাজ্জেল হোসেন, বিএনপির স্থানীয় নেতা জাকির হোসেন, সেলিম হোসেন ও মোস্তাকিম আহত হন। স্থানীয় ব্যক্তিরা তাঁদের উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। পরে বিক্ষুব্ধ নেতা-কর্মীরা প্রায় এক ঘণ্টা কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক অবরোধ করে রাখেন। সোহরাব উদ্দিন প্রথম আলোকে অভিযোগ করে বলেন, রাজনৈতিক প্রতিপক্ষের কেউ তাঁকে হত্যার উদ্দেশ্যে এ বোমা হামলা চালিয়েছে।