বিএনপির নেতাকে লক্ষ্য করে গুলি, আটক ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলের লোহাগড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নলদী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আসাদুজ্জামানকে লক্ষ্য করে গুলিবর্ষণ করেছে সন্ত্রাসীরা। তবে গুলি লক্ষ্যভ্রষ্ট হয়।
গতকাল রোববার সকাল ১০টার দিকে নড়াইল পৌর এলাকার ঘোড়াখালী ব্রিজ মোড়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ঘটনাস্থল থেকে পুলিশ একটি শার্টারগান, দুটি গুলি ও একটি ধারালো ছোরাসহ জাহাঙ্গীর মোল্লা (২৫) ও নড়াইল শহরের ভওয়াখালী থেকে সন্ত্রাসীদের ব্যবহূত প্রাইভেট কারের চালক মুরাদ শেখকে (২৬) আটক করেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মোটরসাইকেলে আসাদুজ্জামান দুই সঙ্গীসহ লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়নের নোয়াপাড়ার বাড়ি থেকে নড়াইল শহরে যাচ্ছিলেন। ঘোড়াখালী ব্রিজ মোড়ে পৌঁছালে একটি প্রাইভেট কার তাঁর মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে তাঁরা পড়ে যান। এ সময় ওই প্রাইভেট কার থেকে আসাদুজ্জামানকে লক্ষ্য করে চার-পাঁচটি গুলি ছুড়লে তা লক্ষ্যভ্রষ্ট হয়। এ সময় আসাদুজ্জামান তাঁর কাছে থাকা লাইসেন্স করা শটগান দিয়ে সন্ত্রাসীদের পাল্টা গুলি করেন। এতে জাহাঙ্গীর মোল্লা গুলিবিদ্ধ হন। অন্যরা পালিয়ে যায়।
প্রাইভেট কারের ধাক্কায় চেয়ারম্যান আসাদুজ্জামান (৪৫), তাঁর সঙ্গী তোতা বাওয়ালী (৪০) ও হাসান (৪৫) আহত হন। তাঁদের নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। জাহাঙ্গীর মোল্লা পুলিশ প্রহরায় নড়াইল সদর হাসপাতালে চিকিৎসাধীন।
আসাদুজ্জামান বলেন, ‘ইউপি নির্বাচনে আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আওয়ামী লীগের নেতা আবুল কালাম আজাদ তাঁর লোকজন দিয়ে আমাকে হত্যা করতে এ হামলা চালিয়েছেন।’
আবুল কালাম আজাদ বলেন, ‘তাঁর নিজের বাড়ি নোয়াপাড়া গ্রামে পূর্বপুরুষ থেকে তাঁদের এ ধরনের পাল্টাপাল্টি হামলা চলে আসছে। তারই জের এটি। এর সঙ্গে আমার কোনো সংশ্লিষ্টতা নেই।’
লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি জি এম নজরুল ইসলাম বলেন, ‘নলদী ইউনিয়নের আওয়ামী লীগের সন্ত্রাসীরা এ হামলা চালিয়েছে। এর বিরুদ্ধে আমরা কঠোর কর্মসূচিতে যাচ্ছি।’
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, এ ঘটনার জের ধরে আর যেন কিছু ঘটতে না পারে, এ জন্য পুলিশ সর্তক রয়েছে। অন্য সন্ত্রাসীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
এ ঘটনার প্রতিবাদ ও দোষীদের শাস্তির দাবিতে বিএনপি ও এর সহযোগী সংগঠনের উদ্যোগে দুপুরে নড়াইল শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে।