বিএনপির নেতাদের আটকের প্রতিবাদে ভাঙচুর, অগ্নিসংযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ডাকা হরতালের সমর্থনে ও দলের কেন্দ্রীয় নেতাদের আটকের প্রতিবাদে গতকাল সোমবার দেশের বিভিন্ন স্থানে সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করেছেন হরতাল সমর্থনকারীরা। প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর: চট্টগ্রাম: চট্টগ্রাম নগরের সাগরিকা মোড়ে রাতে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। কোতোয়ালি থানাধীন লালদীঘির পাড় এলাকায় একটি বাসে আগুন দিয়েছেন হরতাল-সমর্থকেরা। জানা গেছে, রাত সাড়ে আটটার দিকে সাগরিকা মোড়ে পরপর দুটি ককটেলের বিস্ফোরণ ঘটে। এ সময় কয়েকটি যানবাহন ভাঙচুর করা হয়। রাত নয়টার দিকে লালদীঘি এলাকায় একটি বাসে আগুন দেওয়া হয়। নোয়াখালী: বিএনপির কেন্দ্রীয় নেতাদের গ্রেপ্তারের খবরে নোয়াখালীতে বিক্ষোভ, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন দলের নেতা-কর্মীরা। রাত আটটার দিকে শহরের পৌর বাজার, গ্যারেজ, দত্তেরহাট ও সোনাপুর এলাকায় এসব ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী লোকজন জানান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুনুর রশীদ আজাদের নেতৃত্বে দলের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন। তাঁরা পৌর বাজারের সামনে দুটি রিকশায় আগুন ধরিয়ে দেন। এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শটগান থেকে বেশ কয়েকটি ফাঁকা গুলি ছোড়ে এবং ধাওয়া করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। ধামরাই ও সাভার: রাত পৌনে নয়টার দিকে বিএনপির নেতা-কর্মীরা ধামরাইয়ের সুতিপাড়া ও ইসলামপুর এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে হামলা চালিয়ে কমপক্ষে ৫০টি যানবাহন ভাঙচুর করেন। রাত নয়টার দিকে সাভারের রাজফুলবাড়িয়া এলাকায় হামলা চালিয়ে আরও ২০টি যানবাহন ভাঙচুর করা হয়েছে বলে জানা গেছে।নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভুলতা ও কাঞ্চন এলাকায় গতকাল রাতে দুটি গাড়িতে আগুন দিয়েছেন হরতাল-সমর্থকেরা। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈনুর রহমান জানান, রাত সাড়ে ১০টার দিকে ভুলতা এলাকায় একটি বাসে আগুন ধরিয়ে দেন হরতাল-সমর্থকরা। এ ছাড়া কাঞ্চন এলাকায় একটি কাভার্ড ভ্যানে আগুন ধরিয়ে দেওয়া হয়। এ সময় বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়েছে। নরসিংদী: নরসিংদীতে একটি ট্রাকে অগ্নিসংযোগ করেছেন হরতাল-সমর্থকেরা। রাত ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুর উপজেলার সৈয়দনগর এলাকায় এ ঘটনা ঘটে।