বিএনপির জ্যেষ্ঠ নেতা মির্জা আব্বাস বলেছেন, গাড়ি পোড়ানো ও ককটেল বিস্ফোরণ মামলার জন্য দলীয় নেতাদের যাঁরা আত্মগোপনে থাকতে বলেছিলেন, তাঁরা বিএনপি ও আন্দোলনের প্রতি অন্যায় করেছেন। কৌশলগত কারণ দেখিয়ে যে আত্মগোপনের কথা বলা হয়েছিল, তাতে আওয়ামী লীগই উপকৃত হয়েছে।গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবে বিএনপির নেতা ইলিয়াস আলীকে ‘ফেরত দেওয়ার’ দাবিতে ‘অপহরণ ও গুম: রাষ্ট্রের দায়িত্ব’ শীর্ষক আলোচনা সভায় দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এ কথা বলেন। ঢাকার লাখাই উপজেলা জাতীয়তাবাদী ফোরাম এ সভার আয়োজন করে।মির্জা আব্বাস বলেন, ‘ইলিয়াস আলী গুমের আন্দোলন স্থবির হয়নি, স্থবির হওয়ার নয়। ইলিয়াস আলী কোনো ডেড ইস্যু নয়। এই নামটি সরকারের আতঙ্কের অগ্নস্ফুিলিঙ্গ। এই ইস্যুতেই সরকার পতন হবে।’সভায় বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘বক্তাদের বক্তব্য শুনে মনে হয়েছে, ইলিয়াস আলীর স্মরণসভায় উপস্থিত হয়েছি। ইলিয়াস আলী গুম হয়েছেন। আর ফিরে আসবেন না।’গয়েশ্বর বলেন, ‘ইলিয়াস আলী গুম হওয়ার ঘটনাকে সরকার যদি সফলভাবে চাপা দিতে পারে, তাহলে এই গুমের রাজনীতি বন্ধ হবে না।’ সভায় অন্যান্যের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মোহাম্মদ মনিরুজ্জামান মিঞা, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা শওকত মাহমুদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সদরুল আমিন বক্তব্য দেন।