বিএনপির নেতাদের ওপর হামলার বিচার বিভাগীয় তদন্ত দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত রোববার হরতাল চলাকালে বিএনপির নেতা মির্জা আব্বাস, শমসের মবিন চৌধুরী ও শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির ওপর হামলার বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছে বিএনপির সংসদীয় দল। গতকাল মঙ্গলবার দুপুরে জাতীয় সংসদ ভবনে সংবাদ ব্রিফিংয়ে এই দাবি জানানো হয়।সংবাদ ব্রিফিংয়ে বক্তব্য দেন সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক। তিনি সংসদে যোগদানের শর্ত হিসেবে খালেদা জিয়ার শহীদ মইনুল সড়কের বাড়ি বরাদ্দ বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার, খালেদা জিয়ার বাড়িতে সংসদের দিনের কার্যসূচি সরবরাহ, ভারতের সঙ্গে সম্পাদিত চুক্তির বিষয়ে সংসদকে অবহিত করা এবং দেশের আইনশৃঙ্খলা ব্যবস্থা, দ্রব্যমূল্য ও টিপাইমুখ বাঁধের বিষয়ে বিএনপির সাংসদদের দেওয়া মুলতবি প্রস্তাবগুলো গ্রহণ করে আলোচনার সুযোগ দেওয়ার দাবি জানান। তিনি বলেন, ‘সরকার ও সংসদ এসব দাবি মেনে নিলে আমরা সংসদে যোগ দেব। তবে বিএনপি এ দফায় বাজেট আলোচনায় অংশ নিচ্ছে না।’গত রোববার হরতাল চলাকালে পুলিশ বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী এবং বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক ও সাংসদ শহীদ উদ্দীন চৌধুরীকে গ্রেপ্তার করে।জয়নুল আবদিন বলেন, শাহবাগে শান্তিপূর্ণ হরতাল পালনের সময় সরকারি দলের ছাত্র সংগঠনের সশস্ত্র কর্মীরা এ্যানির ওপর নির্মম নির্যাতন চালায়। পুলিশ তাদের সহযোগিতা করেছে। সংসদ চলাকালে একজন সাংসদের ওপর এ ধরনের হামলা নজিরবিহীন ঘটনা। নির্যাতনের পর তাঁর বিরুদ্ধে গাড়ি ভাঙচুরের অভিযোগে মামলা করে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। সুচিকিৎসার জন্য এ্যানির মুক্তি দাবি করে তিনি বলেন, এ্যানি ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর অবস্থা ভালো নয়। তাঁর বুকে-পিঠে লাঠি এবং ইটের আঘাতের চিহ্ন রয়েছে। সুচিকিৎসার জন্য তাঁকে দেশের বাইরে পাঠানো উচিত।বিরোধীদলীয় চিফ হুইপ জানান, সাংসদ এ্যানির মুক্তির ব্যাপারে গত সোমবার বিএনপির সংসদীয় দল স্পিকার আবদুল হামিদের সঙ্গে দেখা করেছে। স্পিকার তাঁদের আশ্বস্ত করে বিষয়টি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলাপ করবেন বলে জানিয়েছেন। ব্রিফিংয়ে বিএনপিদলীয় সাংসদদের মধ্যে মোশাররফ হোসেন, মাহবুব উদ্দিন খোকন, মেজবাহউদ্দিন ফরহাদ, হারুন অর রশীদ, আমজাদ হোসেন, নাজিমউদ্দিন আহমেদ, রাশেদা বেগম হীরা, রেহানা আখতার, সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া, শাম্মী আখতার ও নীলুফার চৌধুরী উপস্থিত ছিলেন।