বিএনপির নেতাদের মুক্তির দাবিতে চট্টগ্রামে মানববন্ধন
দলীয় নেতাদের নিঃশর্ত মুক্তির দাবিতে চট্টগ্রাম থেকে কঠোর আন্দোলন শুরু করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির নেতারা। গতকাল শুক্রবার সকালে চট্টগ্রামের জামালখানে প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে তাঁরা এ হুঁশিয়ারি দেন।বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানসহ কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং মুক্তির দাবিতে এ মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।মানববন্ধন কর্মসূচিতে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খোন্দকার বলেন, মিথ্যা মামলা ও গ্রেপ্তার করে সরকারবিরোধী আন্দোলন দমন করা যাবে না। চট্টগ্রাম থেকেই কঠোর আন্দোলনের মাধ্যমে এর জবাব দেওয়া হবে।উত্তর জেলা বিএনপির সহসভাপতি মহিউদ্দিন আহমেদের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন অধ্যাপক এনামুল হক, বিএনপির নেতা এ এম নাজিম উদ্দিন, মাহাবুবুর রহমান ও উত্তর জেলা বিএনপির সহসভাপতি মোহাম্মদ সালাউদ্দিন।