বিএনপির নেতাদের সঙ্গে নিয়ে গণসংযোগ করছেন মনজুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচনে বিএনপি-সমর্থিত চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের মেয়র প্রার্থী এম মনজুর আলম বিএনপির নেতাদের সঙ্গে নিয়ে নির্বাচনী প্রচার চালাচ্ছেন। মনজুর গতকাল শুক্রবার কালামিয়া বাজারসংলগ্ন মসজিদে জুমার নামাজ আদায় শেষে ওই এলাকায় গণসংযোগ করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেনসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের স্থানীয় নেতা-কর্মীরা। বিকেলে তিনি বাকলিয়া এলাকায় ভোটারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।গণসংযোগকালে মনজুর জানান, নির্বাচিত হলে তিনি বাকলিয়ার জলাবদ্ধতা নিরসনে কার্যকর পদক্ষেপ নেবেন। বিকেলের বৃষ্টিতেও সেখানে পানি জমেছিল। অল্প বৃষ্টিতে চকবাজার-বাকলিয়ার বিস্তীর্ণ এলাকায় জলবদ্ধতা সেখানকার বাসিন্দাদের দীর্ঘদিনের সমস্যা। সকালে মনজুর তাঁর বাসায় হরিজন সম্প্রদায়ের লোকজনের সঙ্গে মতবিনিময় করেন। এর পর তিনি মুসলিম ইনস্টিটিউট মিলনায়তনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে প্রার্থীদের মতবিনিময় সভায় যোগ দেন।গত বৃহস্পতিবার সকালে মনজুর চান্দগাঁওয়ে গণসংযোগকালে তাঁর সঙ্গে ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা এবং ওই আসনের সাবেক সাংসদ এম মোরশেদ খান। ওই দিন বিকেলে তিনি বিএনপির অন্য কেন্দ্রীয় নেতা আবদুল্লাহ আল নোমানকে নিয়ে পাহাড়তলীতে প্রচার চালান। নোমান গত সংসদ নির্বাচনে এই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। বুধবার মনজুর পতেঙ্গা এলাকায় গণসংযোগ করেন মহানগর বিএনপির সভাপতি ও গত সংসদ নির্বাচনে ওই আসনে বিএনপির প্রার্থী আমীর খসরু মাহমুদ চৌধুরীকে সঙ্গে নিয়ে। মনজুরের সমর্থনে আমীর খসরু মাহমুদ চৌধুরী গতকাল বিকেলে মেহেদীবাগে তাঁর বাসায় হিন্দুসম্প্রদায়ের লোকজনের সঙ্গে মতবিনিময় করেন। তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্য মনজুরকে ভোট দেওয়ার আহ্বান জানান। এ সময় কমার্স কলেজের সাবেক অধ্যক্ষ প্রিয়তোষ দেওয়ানজি, ব্যবসায়ী রাজীব দাশ প্রমুখ উপস্থিত ছিলেন।