বিএনপির নেতাদের ৩৫ লাখ টাকার কাজ ভাগাভাগি!
বগুড়ার শিবগঞ্জ পৌরসভার সাড়ে ৩৫ লাখ টাকার ঠিকাদারি কাজ বিএনপির নেতারা ভাগবাটোয়ারা করে নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।সাধারণ ঠিকাদারেরা অবিলম্বে ওই দরপত্র বাতিল করে পুনরায় দরপত্র আহ্বানের ব্যবস্থা করতে জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ (ইউএনও) বিভিন্ন স্থানে লিখিত অভিযোগ দিয়েছেন।অভিযোগে বলা হয়, ২০১১-১২ অর্থবছরে উপজেলা শহর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় সড়কের কার্পেটিং, বক্স-কালভার্ট নির্মাণ, সড়কে বাতি স্থাপন ও গণশৌচাগার নির্মাণের পাঁচটি প্রকল্পের বিপরীতে ৩৫ লাখ ৪৮ হাজার ৫৬৩ টাকা প্রাক্কলিত ব্যয় ধরে দরপত্র আহ্বান করা হয়। নিয়ম অনুযায়ী বহুল প্রচারিত একটি বাংলা ও একটি ইংরেজি জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশের কথা। কিন্তু পৌরসভার মেয়র সোনালী বার্তা ও ডেইলি ইভিনিং নিউজ নামে নামসর্বস্ব দুটি পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছেন। গত ৪ আগস্ট ওই দরপত্র বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। পরে পৌরসভার মেয়র ও পৌর বিএনপির সভাপতি মতিয়ার রহমান কৌশলে এ কাজগুলো নিজে নেওয়াসহ বিএনপির নেতাদের ভাগবাটোয়ারা করে দেন।অভিযোগে আরও বলা হয়, কাজগুলো মেয়র নিজে, মেয়রের শ্যালক এমরান হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদুল করিম, ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ও কাউন্সিলর রবিউল ইসলাম, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আজিজার রহমান ও যুবদল নেতা বুলেট আহমেদের মধ্যে ভাগবাটোয়ারা হয়।শুরুতে জানতে না পারলেও পরে বিষয়টি জানাজানি হলে সাধারণ ঠিকাদারদের মধ্যে চরম উত্তেজনা দেখা দেয়। বঞ্চিত ঠিকাদারেরা গোপন এ দরপত্র বাতিল করা না হলে বৃহত্তর আন্দোলন করবেন বলে ঘোষণা দিয়েছেন।ঠিকাদার আবুল হাসনাত অভিযোগ করেন, বিএনপির নেতাদের কাজ পাইয়ে দেওয়ার জন্যই এমন গোপনীয়তার আশ্রয় নেওয়া হয়েছে। যে দুটি পত্রিকায় বিজ্ঞপ্তি প্রচার করা হয়েছে, সে দুটি পত্রিকা শিবগঞ্জ বা বগুড়াতেই শুধু নয়, গোটা উত্তরাঞ্চলেও আসে না। এ ছাড়া ওই দুই পত্রিকার নাম পর্যন্ত তিনি জীবনে শোনেননি। পৌরসভার কাউন্সিলর ছাইফুল ইসলাম বলেন, ‘কোন প্রক্রিয়ায় এ দরপত্র আহ্বান করা হলো, তার কিছুই জানি না। বিভিন্নজনের মুখে শুনে মেয়রকে বিষয়টি জিজ্ঞাসা করলে তিনি বলেছেন, “যখন যেটা করা হবে, তোমাদের বাদ দিয়ে কিছু করা হবে না।’অভিযোগের ব্যাপারে পৌরসভার মেয়র মতিয়ার রহমান জানান, পৌরসভার তালিকাভুক্ত ঠিকাদার ৩০ থেকে ৩২ জন। এর মধ্যে নব্বই শতাংশ ঠিকাদার দরপত্রের বিষয়টি জানেন। এ ছাড়া দরপত্র-পূর্ব বৈঠকে ২২ থেকে ২৪ জন ঠিকাদার উপস্থিত ছিলেন। এ ক্ষেত্রে কোন পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ পেল না-পেল, তা অতটা গুরুত্বপূর্ণ নয়। তিনি বলেন, ‘আমি বা আমার শ্যালকের নামে কোনো লাইসেন্স নেই। তাই কাজ নেওয়ার কোনো সুযোগ নেই। আর যেসব নামের কথা বলা হচ্ছে, তাদের কাজ পাওয়ার প্রশ্নই আসে না।’ শিবগঞ্জের ইউএনও লু ৎ ফর রহমান জানান, গতকাল মঙ্গলবার সকালে ঠিকাদারদের দেওয়া অভিযোগ তিনি পেয়েছেন।