বিএনপির নেতার দণ্ড, প্রতিবাদে থানা ঘেরাও, আহত ২০
ফরিদপুর সদর উপজেলার কৈজুরী ইউনিয়ন বিএনপির সভাপতি এবং ওই ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য শাহজাহান মোল্লাকে (৫০) গত রোববার গভীর রাতে পুলিশ গ্রেপ্তার করেছে।এ ঘটনার প্রতিবাদে এলাকাবাসী গতকাল সোমবার সকালে ফরিদপুর কোতোয়ালি থানা ঘেরাও করে। এ সময় পুলিশের লাঠিপেটায় ২০ জন আহত হন।পরে ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে এম কামরুজ্জামান দুপুর ১২টার দিকে থানায় ভ্রাম্যমাণ আদালত বসান। আদালত সরকারি কাজে বাধা দেওয়ার দায়ে শাহজাহানকে ছয় মাসের সশ্রম কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠান।এর আগে সকাল ১০টার দিকে থানায় শাহজাহান মোল্লা প্রথম আলোকে বলেন, ‘রোববার দিবাগত রাত একটার দিকে পুলিশ আমার পূর্ব গঙ্গাবর্দীর বাড়ি থেকে আমাকে ধরে আনে। কোন অভিযোগে আমাকে ধরে আনা হয়েছে, তা আমি জানি না।’তবে ইউএনও বলেন, গত রোববার রাতে পুলিশের একটি দল কৈজুরী এলাকায় টহল দিচ্ছিল। এ কাজে বাধা দেওয়ায় শাহজাহানকে গ্রেপ্তার করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়।প্রত্যক্ষদর্শীরা জানান, শাহজাহানকে গ্রেপ্তারের প্রতিবাদে গতকাল সকাল ১০টার দিকে ওয়ার্ডের বদরপুর, ডোমরাকান্দি ও গঙ্গাবর্দী এলাকার দুই শতাধিক লোক বিক্ষোভ মিছিল নিয়ে কোতোয়ালি থানা ঘেরাও করে। কিছুক্ষণ পর পুলিশ বিক্ষোভকারীদের লাঠিপেটা শুরু করলে তারা ছত্রভঙ্গ হয়ে যায়। বেলা ১১টার দিকে বিক্ষোভকারীরা ফিরে গেলে পরিস্থিতি শান্ত হয়।শাহজাহান মোল্লার ভাই জেলা ছাত্রদলের জ্যেষ্ঠ সহসাধারণ সম্পাদক এনামুল হোসেন বলেন, শাহজাহান পরপর তিনবার ইউপি সদস্য নির্বাচিত হয়েছেন। এলাকায় তিনি বেশ জনপ্রিয়। ২৮ জুন অনুষ্ঠেয় ইউপি নির্বাচনে যাতে তিনি প্রতিদ্বন্দ্বিতা করতে না পারেন, সে জন্য তাঁকে পরিকল্পিতভাবে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আরও বলেন, পুলিশের লাঠিপেটায় আহত ব্যক্তিদের মধ্যে ২০ জন গ্রেপ্তার এড়াতে গোপনে বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন।কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন, ‘ওই বিএনপি নেতা এবং ইউপি সদস্য খুব একটা সুবিধাজনক ব্যক্তি নয়। তার অনুসারীরা আজ (গতকাল সোমবার) থানা ঘেরাও করে সহিংসতার উদ্যোগ নিয়েছিল। পুলিশের পদক্ষেপে তা ভণ্ডুল হয়ে গেছে।’জেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ মোদাররেস আলী বলেন, আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে পরিকল্পিতভাবে শাহজাহানকে গ্রেপ্তার করা হয়েছে।