বিএনপির নেতার বিরুদ্ধে এবার মন্ত্রীর ভাইয়ের মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে বিএনপির কেন্দ্রীয় কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক সাংসদ শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির বিরুদ্ধে এবার মানহানির মামলা করলেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের ভাই খন্দকার মোহতেসাম হোসেন।গতকাল সোমবার দুপুরে জেলার ১ নম্বর আমলি আদালতে হাজির হয়ে বিচারক আবদুল্লাহ আল মাসুদের আদালতে তিনি মামলাটি করেন। মামলাটি আমলে নিয়ে আদালত বিবাদীর প্রতি সমন জারির নির্দেশ দেন এবং আগামী ১৬ এপ্রিল পরবর্তী শুনানির দিন ধার্য করেন।বাদীর কৌঁসুলি জাহিদ ব্যাপারী জানান, গত ১১ ফেব্রুয়ারি ঢাকায় একটি জনসভায় বক্তৃতা করার সময় প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীকে ‘যুদ্ধাপরাধী’ আখ্যা দিয়ে তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানান শহীদ উদ্দীন চৌধুরী। বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলাভিশনে এ বক্তৃতা সম্প্রচার করা হয়। শহীদ উদ্দীন চৌধুরীর এ বক্তৃতায় মন্ত্রী ও তাঁর পরিবারের ৫০ কোটি টাকার মানহানির ঘটনা ঘটেছে। মামলার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর জজ কোর্টের সরকারি কৌঁসুলি (পিপি) খসরুজ্জামান জানান, তিনি নিজেও এই মামলার একজন আইনজীবী এবং ফরিদপুর জজ কোর্টের আরও কয়েকজন আইনজীবী এই মামলা পরিচালনায় সহায়তা করবেন।